সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

হঠাৎ হাসপাতালে কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২, ২০২৫, ০৭:০২ পিএম

হঠাৎ হাসপাতালে কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ৮৯ বছর বয়সী এই প্রবীণ অভিনেতাকে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থার অবনতির খবরে ভক্ত, পরিবার এবং সহকর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

ভারতীয় গণমাধ্যমে ধর্মেন্দ্রর পরিবারের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রুটিন চেকআপের জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। বিভিন্ন পরীক্ষার রিপোর্ট আসতে কিছুটা সময় লাগবে, তাই পরিবার সিদ্ধান্ত নেয় যে, সব পরীক্ষা-নিরীক্ষা ঠিকভাবে সম্পন্ন না হওয়া পর্যন্ত তার হাসপাতালেই চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকা ভালো হবে। সূত্রটি আরও জানায়, ‘তিনি বয়স্ক এবং তার চিকিৎসকদের যথাযথ যত্নের প্রয়োজন। তবে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই।’

এদিকে, ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ধর্মেন্দ্র শারীরিকভাবে খুব একটা ভালো নেই। গত বছরেও তাকে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। চলতি বছরের শুরুতেই তার চোখের ছানির অস্ত্রোপচার করা হয়। যদিও অস্ত্রোপচারের পর তিনি পাপারাজ্জিদের বলেছিলেন, ‘আমি এখনো অনেক স্ট্রং এবং প্রাণবন্ত। আমার চোখে অস্ত্রোপচার হয়েছে। আমি তোমাদের ভালোবাসি। আমি শক্ত আছি।’

বয়স ৮৯ হলেও ধর্মেন্দ্র এখনও সিনেমার অভিনয়ে সক্রিয়। গত দুই বছরে তার অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। সম্প্রতি তিনি ‘ইক্কিস’ নামে একটি হিন্দি সিনেমার কাজও শেষ করেছেন, যা চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা রয়েছে। কিংবদন্তি এই অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছেন তার অগণিত ভক্তরা।