নভেম্বর ৩, ২০২৫, ০৩:১১ পিএম
আইয়ুব বাচ্চু তার গাওয়া গানে যে সত্য বলে গেছেন, তা আজও অমলিন— ‘আমি যাব চলে, দূরে বহুদূরে/ গান শুধু রবে, আমার স্মৃতি নিয়ে...।’ কিংবদন্তি এই সংগীতশিল্পী ও স্রষ্টার অনবদ্য সৃষ্টি, অনিন্দ্য গায়কি আর শোণিতধারায় ঝড় তোলা গিটারের জাদুকে স্মরণ করতে এবার যুক্তরাষ্ট্রে আয়োজিত হতে যাচ্ছে এক বিশেষ বাংলা রক গানের উৎসব।
আমেরিকার ভার্জিনিয়ায় 'ডিমভি বাংলা রক ফেস্টিভ্যাল'-এর ধারাবাহিক আয়োজনের এবারের আসরের শিরোনাম করা হয়েছে আইয়ুব বাচ্চুরই এক কালজয়ী গানের নামে— ‘ঘর ছাড়া এক সুখী ছেলে’। এই রক উৎসবটি আগামী ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ফলস চার্চ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানিয়েছেন, এই উৎসবে আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গানগুলো পরিবেশন করা হবে। এর মাধ্যমে প্রবাসী বাঙালিদের সংগীতপিপাসা মেটানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রে অবস্থান করা বিভিন্ন দেশের সংগীতপ্রেমীদের কাছে বাংলা রকের এই আইকনের কালজয়ী সৃষ্টিগুলোকে পরিচয় করিয়ে দেওয়া হবে।
অনুষ্ঠানে গানে গানে আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানাবে ব্যান্ড বিবাগী, ক্রোনেজ, জটিল, স্যাডো ড্রিমস এবং রাফি আলম ও তার ব্যান্ড। তবে এই আয়োজনের সবচেয়ে বড় চমক হিসেবে থাকছেন আইয়ুব বাচ্চুর দীর্ঘদিনের দুই সংগীত সহযোদ্ধা—এলআরবি ব্যান্ডের সাবেক সদস্য, জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সংগীতায়োজক এসআই টুটুল এবং এলআরবির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কিংবদন্তি বেইজ গিটারিস্ট স্বপন।
রোজারিও মিডিয়াওয়ার্কস-এর আয়োজনে এই উৎসবটি ৭ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে শুরু হয়ে চলবে গভীর রাত পর্যন্ত। এতে অংশ নেওয়া প্রতিটি ব্যান্ড কিংবদন্তি আইয়ুব বাচ্চুকে তার গানের পরিবেশনার মধ্য দিয়ে শ্রদ্ধা জানাবে। সংগীতের পাশাপাশি থাকবে আবৃত্তি ও আলোচনা সভাও। আয়োজকরা আশা করছেন, টুটুল ও স্বপনের অংশগ্রহণে এবারের আয়োজনটি স্মরণীয় হয়ে থাকবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন