বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ২ শিশুর মৃ’ত্যু

স্বাস্থ্য ডেস্ক

এপ্রিল ১১, ২০২৬, ০৬:২১ পিএম

২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ২ শিশুর মৃ’ত্যু

হাসপাতালে হামে আক্রান্ত শিশু

দেশে হাম পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে নতুন করে আরও ৮৮৮ জন শিশুর মধ্যে এই ভাইরাসজনিত রোগের লক্ষণ দেখা দিয়েছে। গত ১৫ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারা দেশে এখন পর্যন্ত মোট ১৪৫ জন শিশুর প্রাণহানি ঘটল।

অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত এক দিনে মৃত দুই শিশুর মধ্যে একজন ঢাকা বিভাগের এবং অন্যজন সিলেট বিভাগের। সিলেটের শিশুটি মূলত সন্দেহভাজন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

গত এক মাসে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। পরিসংখ্যান বলছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে প্রায় ৯ হাজার ৪৬৩ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তবে আশার কথা হলো, যথাযথ চিকিৎসা শেষে এখন পর্যন্ত ৭ হাজার ২২ জন শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, আক্রান্তের দিক থেকে ঢাকা বিভাগ এখনো সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। গত এক মাসে এই বিভাগে ৬ হাজার ৭৮ জন শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর পরেই রয়েছে রাজশাহী বিভাগ, যেখানে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬৯০ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২ হাজার ৫ জন, খুলনা বিভাগে ১ হাজার ১৬৬ জন এবং বরিশালে ৯০৮ জন শিশু আক্রান্ত হয়েছে। তুলনামূলক কম আক্রান্তের তালিকায় রয়েছে সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগ।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত টিকাদান কর্মসূচিতে এক ধরণের শিথিলতা থাকার কারণেই এই প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাল রবিবার থেকে বড় শহরগুলোতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সংশ্লিষ্টরা বলছেন, এই সংকট মোকাবিলায় টিকার কোনো বিকল্প নেই। অভিভাবকদের সচেতন থাকার এবং শিশুদের দ্রুত নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালগুলোতে হামে আক্রান্ত শিশুদের চাপ সামলাতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।