রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দেশে হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃ‍‍`ত্যু

স্বাস্থ্য ডেস্ক

মে ১৩, ২০২৬, ০৫:২৮ পিএম

দেশে হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃ‍‍`ত্যু

হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু।

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬১৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। বুধবার (১৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে ময়মনসিংহ বিভাগে ২ জন ছাড়াও ঢাকা ও চট্টগ্রাম বিভাগে হামের উপসর্গে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে। 

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে বরিশালে একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৪৩২ জনের মৃত্যু হলো।

এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৬ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ১ হাজার ৪৮৯ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত মোট ৫৩ হাজার ৫৬ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ৭ হাজার ১৫০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৩৮ হাজার ৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৩৩ হাজার ৮৩২ জন ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

অধিদপ্তরের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মৃত ৪৩২ জনের মধ্যে বড় একটি অংশই শিশু। বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ বিভাগে সংক্রমণের হার তুলনামূলক বেশি লক্ষ্য করা যাচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে দেশের বিভিন্ন এলাকায় নজরদারি বৃদ্ধি করেছে স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে আক্রান্তদের হাসপাতালে ভর্তি ও সুচিকিৎসা নিশ্চিতের কাজ চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।