রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

হামের উপসর্গে দেশে আরও ৩ শিশুর মৃত্যু

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৮, ২০২৬, ০৫:১৫ পিএম

হামের উপসর্গে দেশে আরও ৩ শিশুর মৃত্যু

Ai - ছবি

দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সিলেট, হবিগঞ্জ ও ঢাকা জেলায় একজন করে শিশু মারা গেছে। তবে এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ৯১৮টি শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৯ জন এবং হামের উপসর্গ নিয়ে ৮১৯ জন প্রাণ হারিয়েছে। একই সময়ে দেশে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৯৮৯ জন এবং মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা এক লাখ ৪৪ হাজার ৭৮০ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৯ জনের হাম শনাক্ত হয়েছে এবং এক হাজার দুই জন শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সংক্রামক এই রোগ মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রয়োজনীয় সচেতনতা ও দ্রুত চিকিৎসার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।