জুলাই ৩, ২০২৬, ১১:৫১ পিএম
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিং ও পরিচয় যাচাইয়ের জটিলতা এড়াতে ব্যবহারকারীদের জন্য ‘ভেরিফিকেশন সেলফি’ নামে একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা ফিচার চালু করা হয়েছে।এই ফিচারের মাধ্যমে প্রয়োজনে অ্যাকাউন্টের প্রকৃত মালিকানা নিশ্চিত করা যায় এবং সন্দেহজনক কার্যক্রম সহজে শনাক্ত করা সম্ভব হয়। অ্যাকাউন্ট নিরাপদ রাখতে বর্তমানে ফেসবুক নানা ধরনের নিরাপত্তা ব্যবস্থা প্রদান করছে, যার মধ্যে এই ফিচারটি অন্যতম।
ফিচারটি চালু করতে প্রথমে ফেসবুক অ্যাপের ওপরের ডান কোণায় থাকা মেনু বা তিন দাগ অপশনে যেতে হবে। এরপর সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে সেটিংস নির্বাচন করে অ্যাকাউন্টস সেন্টারে প্রবেশ করতে হবে। সেখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে গিয়ে ভেরিফিকেশন সেলফি নির্বাচন করে পছন্দের অ্যাকাউন্টটি বেছে নিতে হবে। পরবর্তী ধাপে ইমেইলে আসা ভেরিফিকেশন কোড দিয়ে ক্যামেরা ব্যবহারের অনুমতি দিলে স্ক্রিনে দেখানো নির্দেশনা অনুযায়ী সেলফি নিলেই প্রক্রিয়াটি সম্পন্ন হবে।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, শুধু এই একটি ফিচার চালু করলেই অ্যাকাউন্ট শতভাগ নিরাপদ থাকার নিশ্চয়তা নেই। সাইবার সুরক্ষার জন্য শক্তিশালী ও ইউনিক পাসওয়ার্ড ব্যবহারের বিকল্প নেই। পাশাপাশি টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখা, অপরিচিত লিংকে ক্লিক না করা, নিয়মিত লগইন কার্যক্রম পরীক্ষা করা এবং ই-মেইল ও ফোন নম্বর হালনাগাদ রাখা অত্যন্ত জরুরি।প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমেই ডিজিটাল জীবনে অ্যাকাউন্ট সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন