বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

তুষারে ঢাকা যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল, যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয়

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৮, ২০২৫, ১২:০০ পিএম

তুষারে ঢাকা যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল, যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয়

ভারী তুষারপাতে কার্যত অচল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা থেকে মিনিয়াপলিস, উইসকনসিন, আইওয়া ও ভার্মন্টসহ বিশাল এলাকার অন্তত ২ কোটি ৯০ লাখ মানুষ বর্তমানে শীতকালীন সতর্কতার আওতায় রয়েছেন। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তথ্য অনুযায়ী, কানেকটিকাট এবং নিউ ইয়র্কের বিভিন্ন অংশে রেকর্ড পরিমাণ তুষারপাত হয়েছে।

এর ফলে সড়ক ও আকাশপথের যোগাযোগ ব্যবস্থায় চরম বিপর্যয় নেমে এসেছে। এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, কানেকটিকাটের নিউ হ্যাভেন কাউন্টিতে মাত্র একদিনেই ১০ ইঞ্চির বেশি তুষারপাত রেকর্ড করা হয়েছে।

তুষারপাতের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে নিউ ইয়র্কে। সেখানকার ফিনিসিয়ায় সর্বোচ্চ ১৩ ইঞ্চি তুষারপাত হয়েছে।

এমনকি নিউ ইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কে ৪.৩ ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়েছে যা ২০২২ সালের জানুয়ারির পর থেকে সর্বোচ্চ। পরিস্থিতি মোকাবিলায় নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল রাজ্যের অর্ধেকেরও বেশি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। বরফে ঢাকা রাস্তাগুলো চলাচলের জন্য অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠায় নাগরিকদের বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।আকাশপথের যোগাযোগেও এই বৈরী আবহাওয়ার বড় প্রভাব পড়েছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার জানিয়েছে যে তুষারপাতের কারণে শনিবার রাত পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১ হাজার ৪০০-এর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া আরও অন্তত ৮ হাজার ৭০০টি ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে চলাচল করছে। তুষারের কারণে অনেক বিমানবন্দর কার্যক্রম সীমিত করতে বাধ্য হয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার খবরও পাওয়া গেছে কিছু এলাকায়। তুষারপাতের এই ধারা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়াবিদরা সতর্ক করেছেন।