বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের গভীর শোক ও সমবেদনা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৩০, ২০২৫, ০১:১৬ পিএম

খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের গভীর শোক ও সমবেদনা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জাতিসংঘ বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিশেষ বার্তায় এই শোক প্রকাশ করা হয়।

শোকবার্তায় উল্লেখ করা হয়, “ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও মহামান্য রাষ্ট্রনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে জাতিসংঘ গভীরভাবে মর্মাহত।

এই শোকাবহ মুহূর্তে জাতিসংঘ তাঁর পরিবার, স্বজন ও ঘনিষ্ঠজনের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। একই সাথে বাংলাদেশের সরকার ও শোকাতুর জনগণের প্রতি গভীর সংহতি প্রকাশ করেছে সংস্থাটি।

জাতিসংঘের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এক বার্তায় জানিয়েছে, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। অন্যদিকে, চীন তার শোকবার্তায় খালেদা জিয়াকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার অন্যতম ‘অগ্রদূত’ হিসেবে অভিহিত করে তাঁর প্রয়াণে শ্রদ্ধা নিবেদন করেছে।আন্তর্জাতিক পরিমণ্ডলে অত্যন্ত প্রভাবশালী এই নেত্রীর বিদায়ে ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রভাবশালী দেশ সরকারিভাবে শোক প্রকাশ করেছে।

বিশ্বনেতারা খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন এবং দক্ষিণ এশীয় রাজনীতিতে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করছেন। মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যু সংবাদটি বৈশ্বিক গণমাধ্যমগুলোতেও বিশেষ গুরুত্বের সাথে প্রচারিত হচ্ছে, যা বিশ্ব রাজনীতিতে তাঁর প্রভাবের প্রতিফলন হিসেবে দেখছেন বিশ্লেষকরা।