জানুয়ারি ১৪, ২০২৬, ০৫:৩৬ পিএম
ইরানের বর্তমান অভ্যন্তরীণ পরিস্থিতি এবং ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনা নিরসনে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে এক জরুরি ফোনালাপে তিনি এই গুরুত্বারোপ করেন। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক একটি কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে ।
যে ফিদান বর্তমানে চলমান উত্তেজনা রোধে গঠনমূলক আলোচনার প্রয়োজনীয়তার ওপর বিশেষ জোর দিয়েছেন ইরানের সাম্প্রতিক বিক্ষোভ এবং এর ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হস্তক্ষেপের হুমকির প্রেক্ষাপটে আঙ্কারা বেশ উদ্বেগের মধ্যে রয়েছে।
জানা গেছে তুর্কি কর্মকর্তারা এই বিষয়ে মার্কিন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ রক্ষা করে চলছেন। হাকান ফিদান এর আগে এক বক্তব্যে ইরানের চলমান অস্থিরতার পেছনে বিদেশি শক্তির হাত থাকার ইঙ্গিত দিয়েছিলেন।
তিনি সরাসরি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের নাম উল্লেখ করে বলেছিলেন যে এই বিক্ষোভগুলো ইরানের প্রতিদ্বন্দ্বীরা বিদেশ থেকে পরিচালনা করছে। ফিদান দাবি করেন যে মোসাদ এখন আর গোপনে নয় বরং প্রকাশ্যে তাদের ইন্টারনেট প্ল্যাটফর্ম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মাধ্যমে ইরানি জনগণকে শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করতে উস্কানি দিচ্ছে। তুরস্ক মনে করে যে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরে থেকে হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তোলে।
মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার স্বার্থে ইরান ও তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা জরুরি বলে মনে করে আঙ্কারা। বিশেষ করে এই অঞ্চলে নতুন কোনো সংঘাত যেন তৈরি না হয় সেদিকে নজর দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর এই কূটনৈতিক তৎপরতাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তারা মনে করছেন ইরান যদি বড় কোনো সংকটে পড়ে তবে তার প্রভাব তুরস্কসহ পুরো মধ্যপ্রাচ্যে পড়বে। তাই আঙ্কারা চাইছে আলোচনার মাধ্যমে দ্রুত একটি সমঝোতায় পৌঁছাতে এবং যে কোনো ধরনের সামরিক সংঘাত এড়াতে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন