বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬,
ক্রিকেট অঙ্গন

ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : হ্যারি কেইনকে নিয়ে বড় প্রশংসায় বেলিংহাম

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ৭, ২০২৬, ০৮:০৯ পিএম

ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : হ্যারি কেইনকে নিয়ে বড় প্রশংসায় বেলিংহাম

ইংল্যান্ডের হয়ে যৌথভাবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার অনন্য এক রেকর্ড গড়লেন তারকা স্ট্রাইকার হ্যারি কেইন। মঙ্গলবার চেক রিপাবলিকের বিপক্ষে দলের ৩-০ গোলের জয়ের ম্যাচে কিংবদন্তি পিটার শিলটনের ১২৫ ম্যাচের কীর্তিতে ভাগ বসান তিনি। ম্যাচটিতে দুটি চমৎকার গোল এবং একটি অ্যাসিস্ট করে নিজের এই মাইলফলক অর্জন স্মরণীয় করে রাখেন বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ড।

ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ তারকা জুড বেলিংহাম হ্যারি কেইনকে ‘ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড়’ হিসেবে আখ্যায়িত করতে একটুও দ্বিধাবোধ করেননি।

৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার ইতিমধ্যে ৯১টি আন্তর্জাতিক গোল করে দেশের সর্বকালের শীর্ষ গোলদাতার আসন দখল করে আছেন। আগামী নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে মাঠে নামলেই ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড়ের তালিকায় তিনি এককভাবে শীর্ষে চলে যাবেন। বেলিংহামের দৃঢ় বিশ্বাস, হ্যারি কেইনের চেয়ে ভালোভাবে ইংল্যান্ডের জার্সি আর কেউ গায়ে জড়াননি।

রিয়াল মাদ্রিদ তারকা গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, সত্যি বলতে, হ্যারি কেইন যা-ই করুন না কেন, এখন আর কোনো কিছুই তাঁকে অবাক করে না।

তিনি আরও যোগ করেন, কী অসাধারণ এক রোল মডেল, কী অসাধারণ একজন মানুষ এবং তাঁর সঙ্গে একই মাঠে ফুটবল খেলতে পেরে তিনি নিজেকে অত্যন্ত সম্মানিত বোধ করেন।

কেইনকে একজন অত্যন্ত যোগ্য খেলোয়াড় হিসেবে উল্লেখ করে বেলিংহাম বলেন, তিনি যা কিছু অর্জন করেছেন, তার সম্পূর্ণ যোগ্য। এর পেছনে তাঁর রয়েছে কঠোর পরিশ্রম এবং তিনি একজন অত্যন্ত সৎ মানুষ।

তিনি জানান, কেইন আজ দুটি গোল করলেও মূল ব্যাপারটি ছিল পিটার শিলটনের রেকর্ডের সমকক্ষ হতে পারা।

এরপর হ্যারি কেইনকে নিয়ে আরও বড় মূল্যায়ন করে বেলিংহাম বলেন, তাঁর মতে কেইন হলেন ইংল্যান্ডের হয়ে খেলা সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়। তিনি কেবল একজন অসাধারণ আদর্শ ও মহান মানুষই নন, বরং তাঁর কাছ থেকে প্রতিদিন নতুন কিছু না কিছু শেখার সুযোগ রয়েছে।