মার্চ ১, ২০২৬, ০৩:০৯ পিএম
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সামরিক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর পুরো ইরানজুড়ে বিশাল বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। রোববার সকাল থেকেই রাজধানী তেহরানের রেভল্যুশন স্কয়ার এবং তেহরান বিশ্ববিদ্যালয়ের সামনে হাজার হাজার মানুষ জড়ো হতে শুরু করেন।
বিক্ষোভকারীরা ইরানের জাতীয় পতাকা হাতে নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তীব্র স্লোগান দিচ্ছেন। পুরো তেহরানে এখন এক নজিরবিহীন উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।
কেবল তেহরানই নয়, ইরানের অন্যান্য প্রধান শহরগুলোতেও সাধারণ মানুষ রাস্তায় নেমে এসে এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছেন।পবিত্র শহর কোমে শত শত মানুষ হামলার নিন্দা জানাতে হযরত মাসুমেহর মাজারে সমবেত হয়েছেন।
অন্যদিকে মাশাদের ইমাম রেজার মাজারের পতাকাগুলো শোকের প্রতীক হিসেবে কালো কাপড়ে আচ্ছাদিত করা হয়েছে। ইরানের অভ্যন্তরীণ শহরগুলো ছাড়াও এই বিক্ষোভের প্রভাব দেখা গেছে প্রতিবেশী দেশগুলোতেও। ইরাকের রাজধানী বাগদাদ এবং পবিত্র শহর কারবালায় বিপুল সংখ্যক মানুষ খামেনি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেছেন। এমনকি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরেও সাধারণ মানুষ রাস্তায় নেমে এই ঘটনার নিন্দা জানিয়েছেন।
আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, খামেনির মৃত্যুতে শিয়া প্রধান দেশগুলোতে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, তা পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে নতুন করে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। রাজপথে বিক্ষোভকারীদের উপস্থিতি এবং তাদের কঠোর স্লোগান ইঙ্গিত দিচ্ছে যে, এই অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হতে পারে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন