বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

‍‍`অনন্তকাল‍‍` ধরে যুদ্ধ চালানোর মতো অস্ত্র আছে: ট্রাম্প

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ৩, ২০২৬, ০৪:০৩ পিএম

‍‍`অনন্তকাল‍‍` ধরে যুদ্ধ চালানোর মতো অস্ত্র আছে: ট্রাম্প

হুঙ্কার দিচ্ছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুত নিয়ে ফের বড় ধরনের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, আমেরিকার কাছে ‘অনন্তকাল’ ধরে লড়াই চালিয়ে যাওয়ার মতো বিশাল অস্ত্রের মজুত রয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, “আমাদের কাছে এসব অস্ত্রের কার্যত সীমাহীন সরবরাহ রয়েছে। যুক্তরাষ্ট্রের মজুত আছে এবং বড় জয়ের জন্য প্রস্তুত!!! তিনি আরও দাবি করেন যে, আমেরিকা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে এবং তাদের সক্ষমতা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। 

একই সঙ্গে তিনি তার পূর্বসূরি জো বাইডেনের কড়া সমালোচনা করে বলেন, বাইডেন ইউক্রেনকে অপ্রয়োজনীয়ভাবে অনেক ‘উচ্চমানের’ মার্কিন অস্ত্র সরবরাহ করেছেন, যা মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে কিছুটা চাপের মুখে ফেলেছিল। 

মূলত বাইডেনের মেয়াদের শেষ দিকে ইউক্রেনকে ৩০০ কিলোমিটার পাল্লার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার বিষয়টিকেই ইঙ্গিত করেছেন ট্রাম্প।এদিকে, ট্রাম্পের এই হুঙ্কারের মধ্যেই বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি বিমানঘাঁটি ধ্বংস হওয়ার খবর পাওয়া গেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সংলগ্ন ফার্স নিউজ এজেন্সি প্রকাশিত কিছু ফুটেজে দেখা গেছে, বাহরাইনের শেখ ঈসা অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিতে একের পর এক রকেট ও ড্রোন আঘাত হানছে। সংস্থাটি দাবি করেছে, এই হামলায় মার্কিন ঘাঁটির একটি কমান্ড ও স্টাফ বিল্ডিং পুরোপুরি ধ্বংস হয়েছে এবং জ্বালানি ট্যাংকে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে।

যদিও এই হামলা নিয়ে পেন্টাগন বা ওয়াশিংটন এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি, তবে বাহরাইনে মার্কিন নৌঘাঁটি থেকে ধোঁয়া উড্ডয়নের খবর পাওয়া গেছে। উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর ইতোমধ্যেই বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের ১৫টি দেশ থেকে তাদের নাগরিকদের অবিলম্বে ফিরে আসার নির্দেশ দিয়েছে। ট্রাম্পের মতে, ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ চার থেকে পাঁচ সপ্তাহ বা তার বেশি সময় স্থায়ী হতে পারে, তবে আমেরিকার ‘অফুরন্ত’ অস্ত্রভাণ্ডার যেকোনো দীর্ঘমেয়াদী সংঘাত মোকাবিলায় সক্ষম।