বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

ইরানে নিহত বেড়ে ১০৪৫

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ৪, ২০২৬, ০৮:০৭ পিএম

ইরানে নিহত বেড়ে ১০৪৫

ইরানে হামলার ধ্বংসস্তূপ

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৪৫ জনে দাঁড়িয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম বুধবার এই তথ্য নিশ্চিত করেছে। গত শনিবার দেশটিতে ইসরাইল ও যুক্তরাষ্ট্র একযোগে বড় ধরনের এই হামলা চালায়। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির বেশ কয়েকজন শীর্ষ পর্যায়ের সরকারি ও সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানা গেছে।

হামলার পর থেকে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। ইরানের অভ্যন্তরীণ বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনা লক্ষ্য করে চালানো এই অভিযানে প্রাণহানির সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। 

বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদন অনুযায়ী হামলার তীব্রতা এতই বেশি ছিল যে অনেক স্থানে এখনও উদ্ধার অভিযান চলছে। এই হামলার প্রতিক্রিয়ায় তেহরানও পাল্টা পদক্ষেপ গ্রহণ করেছে। মধ্যপ্রাচ্যে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরাইলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই হামলার ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এক নতুন এবং ভয়াবহ মোড় নিয়েছে। ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে আঘাত করায় দীর্ঘমেয়াদী যুদ্ধের শঙ্কা দেখা দিয়েছে। তেহরান থেকে জানানো হয়েছে যে তাদের ভূখণ্ডে চালানো এই আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। পরিস্থিতির অবনতি হওয়ায় বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন দেশ উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানাচ্ছে। হামলার ধ্বংসাবশেষ এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনও আসার অপেক্ষায় রয়েছে।

সূত্র: আলজাজিরা