সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

উত্তর কোরিয়ায় প্রায় শতভাগ ভোটে জয়ী কিমের দল

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১৯, ২০২৬, ১১:২১ এএম

উত্তর কোরিয়ায় প্রায় শতভাগ ভোটে জয়ী কিমের দল

কিম জং উনের নিরঙ্কুশ জয়

উত্তর কোরিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল। গত ১৫ মার্চ অনুষ্ঠিত এই নির্বাচনে ভোটার উপস্থিতির হার ছিল বিস্ময়কর ৯৯ দশমিক ৯৯ শতাংশ। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এবং আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলোর প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করা হয়েছে। 

উত্তর কোরিয়ার শাসক দল ওয়ার্কার্স পার্টি অব কোরিয়া এবং তাদের মিত্র জোট ১৫তম সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি বা জাতীয় সংসদ নির্বাচনে ৯৯ দশমিক ৯৩ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছে।

নির্বাচনী ফলাফল বিশ্লেষণে দেখা গেছে যে মাত্র ০ দশমিক ০৭ শতাংশ ভোটার প্রার্থীদের বিপক্ষে ভোট দিয়েছেন। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে উত্তর কোরিয়ায় নির্বাচনী প্রক্রিয়াকে কিছুটা অংশগ্রহণমূলক দেখানোর কৌশল হিসেবেই এই সামান্য বিরোধিতার হার প্রকাশ করা হয়েছে। 

তবে জনমত বা গণতান্ত্রিক পদ্ধতির চেয়ে এই নির্বাচনকে মূলত একটি প্রতীকী প্রক্রিয়া হিসেবেই দেখে বিশ্ব সম্প্রদায়। সেখানে রাষ্ট্র-সমর্থিত প্রার্থীদের বাইরে অন্য কারো জয়লাভের কোনো সুযোগ বা বৈচিত্র্যপূর্ণ রাজনৈতিক প্রতিযোগিতার সম্ভাবনা থাকে না বললেই চলে।কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ জানিয়েছে যে নবনির্বাচিত এই সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি খুব শীঘ্রই তাদের প্রথম অধিবেশনে বসবে। 

এই অধিবেশনে উত্তর কোরিয়ার স্টেট অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট নির্বাচন এবং সমাজতান্ত্রিক সংবিধানে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কিম জং উনের একচ্ছত্র ক্ষমতাকে আরও সুসংহত করতেই এই সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই নির্বাচনের মাধ্যমে দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে কিম পরিবারের প্রভাব এবং নিয়ন্ত্রণ আবারও বিশ্ব দরবারে স্পষ্টভাবে প্রকাশিত হলো।