এপ্রিল ২৮, ২০২৬, ০৩:৩১ পিএম
জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনে প্রতিযোগিতা ক্রমেই তীব্র হয়ে উঠছে। চারজন শীর্ষ প্রার্থী—মিশেল বাচেলেত, রাফায়েল গ্রসি, রেবেকা গ্রিনস্প্যান এবং ম্যাকি সাল সম্প্রতি জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতিনিধিদের কঠিন প্রশ্নের মুখোমুখি হয়েছেন। বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ আগামী ১ জানুয়ারি শেষ হবে।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি আনালেনা বেয়ারবক এই নির্বাচনী প্রক্রিয়াকে বিশ্বের অন্যতম কঠিন চাকরির সাক্ষাৎকার হিসেবে উল্লেখ করেছেন। দীর্ঘ আলোচনার পরও এখন পর্যন্ত কোনো একক প্রার্থীকে স্পষ্ট বিজয়ী হিসেবে নির্ধারণ করা সম্ভব হয়নি। উত্তরসূরি নির্বাচনে এখনও নতুন প্রার্থীরা যুক্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
নির্বাচনে অংশ নেওয়া চার প্রার্থীই বৈশ্বিক শান্তি, উন্নয়ন এবং মানবাধিকার—জাতিসংঘের এই তিনটি মূল স্তম্ভকে শক্তিশালী করার ওপর জোর দিয়েছেন।
তারা ইরান, গাজা, ইউক্রেন ও সুদানের মতো সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের কার্যকারিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। মিশেল বাচেলেত তার বক্তব্যে বলেন, জাতিসংঘকে সংকট প্রতিরোধে আরও সক্রিয় হতে হবে এবং মাঠপর্যায়ে উপস্থিতি বাড়ানো জরুরি।রাফায়েল গ্রসি মনে করেন, বিশ্বে বিভাজন বাড়ায় জাতিসংঘের কার্যকারিতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে, যা কাটাতে শক্তিশালী নেতৃত্বের বিকল্প নেই। অন্যদিকে রেবেকা গ্রিনস্প্যান বলেন, জাতিসংঘকে ঝুঁকি নিতে শিখতে হবে এবং নিজস্ব নৈতিক অবস্থান বজায় রাখতে হবে।
ম্যাকি সাল নিজেকে একজন সেতুবন্ধনকারী হিসেবে তুলে ধরে বৈশ্বিক আস্থা পুনর্গঠনের ওপর বিশেষ জোর দেন।প্রার্থীদের ঘিরে বেশ কিছু বিতর্কও আলোচনায় এসেছে। মিশেল বাচেলেতের নারী অধিকার বিষয়ক অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্রের কয়েকজন আইনপ্রণেতা সমালোচনা করেছেন। অন্যদিকে ম্যাকি সাল তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন, যদিও তার প্রার্থিতা নিয়ে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে বিক্ষোভের ঘটনা ঘটেছে।
মহাসচিব নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য। বিশেষ করে পাঁচ স্থায়ী সদস্য—যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্সের সিদ্ধান্ত এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিরাপত্তা পরিষদের সুপারিশের পর ১৯৩ সদস্যের সাধারণ পরিষদ তা আনুষ্ঠানিকভাবে অনুমোদন করবে। বিশ্লেষকদের মতে, এবার এমন একজন নেতৃত্ব প্রয়োজন যিনি বৈশ্বিক সংকটে সাহসী সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন