সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

কর্মীদের গণনাকেন্দ্র না ছাড়ার নির্দেশ মমতার; জরুরি বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

মে ৪, ২০২৬, ০২:১২ পিএম

কর্মীদের গণনাকেন্দ্র না ছাড়ার নির্দেশ মমতার; জরুরি বার্তা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বিজেপি যখন ম্যাজিক ফিগার পেরিয়ে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই ফেসবুক লাইভে এসে দলীয় নেতা-কর্মীদের বিশেষ বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার (৪ মে) বাংলাদেশ সময় দুপুর একটার দিকে দেওয়া ভিডিও বার্তায় তিনি কর্মীদের মনোবল না হারিয়ে শেষ পর্যন্ত গণনাকেন্দ্র পাহারা দেওয়ার নির্দেশ দেন।

ভিডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, গণনার শুরুতে বিজেপির জয়ের খবর দেখানো তাদের একটি সুনির্দিষ্ট কৌশল। তৃণমূল নেত্রী কর্মীদের উদ্দেশ্যে বলেন, এটি তিনি আগেই জানতেন। ওদের জয়ের খবরটা আগে দেখাবে—এটি বিজেপির পরিকল্পনা।

এ সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশ চিন্তিত দেখাচ্ছিল। তিনি হাতজোড় করে নিজের দলের প্রার্থীদের এবং কাউন্টিং এজেন্টদের বলেন, দয়া করে কেউ কেন্দ্র থেকে বের হয়ে আসবেন না। যেখানে গণনা চলছে, সেখানে সতর্কভাবে অবস্থান করার জন্য তিনি বারবার অনুরোধ জানান।

তৃণমূল নেত্রী অভিযোগ করেছেন যে প্রায় ১০০টি জায়গায় গণনা বন্ধ করে রাখা হয়েছে। এ ছাড়াও নদীয়ার কল্যাণীতে সাতটি ইভিএম মেশিনে কারচুপির ঘটনা ধরা পড়েছে বলেও তিনি দাবি করেন। মমতা বলেন, তিনি দুই-তিন দিন ধরেই এই আশঙ্কার কথা বলে আসছিলেন।মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই সতর্কবার্তা দিচ্ছিলেন, তখন ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্যে দেখা যাচ্ছে রাজ্যজুড়ে বিজেপি সমর্থকরা উৎসবে মেতেছেন।

 মুর্শিদাবাদ, মালদহ ও উত্তর চব্বিশ পরগনার মতো এলাকাগুলোতে মুসলিম ভোট কংগ্রেস, সিপিএম ও তৃণমূলের মধ্যে ভাগ হয়ে যাওয়ায় বিজেপি সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে ইতিমধ্যে বিজেপি ম্যাজিক ফিগার অতিক্রম করেছে। এর ফলে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গেরুয়া শিবিরের সরকার গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত এই ফলাফলের ট্রেন্ড পরিবর্তন হওয়ার বিষয়ে আশাবাদী বলে তাঁর বার্তায় ফুটে উঠেছে।