মে ৫, ২০২৬, ০১:১৩ পিএম
যেকোনো বিদেশি সশস্ত্র বাহিনী, বিশেষ করে মার্কিন সেনাবাহিনী হরমুজ প্রণালীর কাছে আসার বা প্রবেশের চেষ্টা করলে তাদের ওপর আক্রমণ চালানো হবে। সোমবার পার্সটুডের এক প্রতিবেদনে ইরানের এই হুঁশিয়ারির কথা জানানো হয়েছে।ইরানের খাতামুল আম্বিয়া (স.) কেন্দ্রীয় ঘাঁটির কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি এক বার্তায় এই সতর্কবার্তা দেন।
হরমুজ প্রণালীর ওপর ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ নজরদারি ও ব্যবস্থাপনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।এই প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াত ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বয়ের মাধ্যমেই সম্পন্ন হতে হবে বলে তিনি জানান।
নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, সেজন্য সব বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কারকে ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় ছাড়া চলাচলের চেষ্টা থেকে বিরত থাকতে বলা হয়েছে।মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেন, অপরাধী নেতৃত্ব এবং আগ্রাসী ও সন্ত্রাসী মার্কিন সেনাবাহিনী নিশ্চয়ই বুঝতে পেরেছে যে ইরানি জাতি প্রস্তুত রয়েছে।
হুমকি ও আগ্রাসনের জবাবে শক্তিশালী সশস্ত্র বাহিনী কঠোর ও অনুতাপ সৃষ্টিকারী প্রতিক্রিয়া দেখাতে সক্ষম বলে তিনি মন্তব্য করেন।সর্বশক্তি দিয়ে হরমুজ প্রণালীর নিরাপত্তা বজায় রাখা হবে বলে জানান এই কমান্ডার।আমেরিকার সমর্থকদেরও সতর্ক থাকার কথা বলা হয়েছে। বর্তমান পরিস্থিতি বিঘ্নিত করার জন্য মার্কিন আগ্রাসী পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করবে। এর ফলে এই অঞ্চলে জাহাজ চলাচলের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়বে বলে ওই বার্তায় উল্লেখ করা হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন