সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬,

যুদ্ধের ক্ষত আর উত্তেজনার মাঝেই ইরানে ঈদুল আজহা উদ্‌যাপন

আন্তর্জাতিক ডেস্ক

মে ২৭, ২০২৬, ০৪:২৩ পিএম

যুদ্ধের ক্ষত আর উত্তেজনার মাঝেই ইরানে ঈদুল আজহা উদ্‌যাপন

সাম্প্রতিক সংঘাতের গভীর ক্ষত এবং তীব্র আঞ্চলিক উত্তেজনার মাঝেই ইরানে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। বুধবার দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে লাখো ইরানি মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। উৎসব উপলক্ষে রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন প্রধান শহরে বিশেষ জামাতের আয়োজন করা হয়।

দেশটিতে দিনটি সাধারণ সরকারি ছুটি হিসেবে পালিত হয়েছে।রাজধানীর তেহরান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় এবং এতে ইমামতি করেন আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি। 

এই বিশেষ নামাজে রাজনৈতিক, সামরিক এবং বিভিন্ন পর্যায়ের সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারাও সাধারণ মানুষের সাথে অংশ নেন। গত কয়েক মাসে বাইরের একের পর এক হামলায় ইরানের অর্থনীতি এবং জনজীবনে গভীর নেতিবাচক প্রভাব ফেলেছে। 

তবুও সব অনিশ্চয়তা ও সংঘাতের চাপ বুকে নিয়েই ধর্মীয় উৎসবের চেতনায় ঐক্য এবং ধৈর্যের বার্তা নিয়ে দেশটির সর্বস্তরের জনগণ এই উৎসব সম্পন্ন করেছেন।নামাজ শেষে মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

তথ্যসূত্র: তাসনিম নিউজ