বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

হজের আনুষ্ঠানিকতা শেষে অশ্রুসিক্ত চোখে মক্কা ছাড়ছেন হাজিরা

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৯, ২০২৬, ০৭:১৩ পিএম

হজের আনুষ্ঠানিকতা শেষে অশ্রুসিক্ত চোখে মক্কা ছাড়ছেন হাজিরা

ছবি - সংগৃহীত

পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা সফলভাবে সম্পন্ন করার পর বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা হাজারো মুসল্লি সৌদি আরবের মক্কা ত্যাগ করতে শুরু করেছেন। এ বছর ১৬৫টি দেশের ১৭ লাখেরও বেশি মুসলমান এই ধর্মীয় সমাবেশে অংশ নেন। মক্কার দক্ষিণ-পূর্বে মিনার উপত্যকায় প্রতীকী শয়তানকে কঙ্কর নিক্ষেপের শেষ ধাপ শেষ করে তারা কাবার চারপাশে বিদায়ী তাওয়াফ সম্পন্ন করেছেন।অনেকে এবার দীর্ঘ বছর পর একসঙ্গে হজের স্বপ্ন পূরণ করেছেন।

তীব্র তাপপ্রবাহের কারণে এবারের হজে হাজিদের জন্য বিশেষ ছায়াযুক্ত এলাকা ও অতিরিক্ত স্বাস্থ্যকর্মী মোতায়েন রেখেছিল সৌদি কর্তৃপক্ষ। হজের পুরো মৌসুমজুড়ে এ পর্যন্ত ৮৩ হাজারেরও বেশি মানুষকে জরুরি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে বলে সৌদি রেড ক্রিসেন্ট নিশ্চিত করেছে। সামর্থ্যবান মুসলমানদের জন্য জীবনে অন্তত একবার পালনীয় এই ফরজ ইবাদত শেষ করে বিভিন্ন দেশের মুসল্লিরা এখন বিমান, স্থল ও সমুদ্রপথে নিজ নিজ দেশে ফিরতে শুরু করেছেন।