রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ভারতে প্রায় ৪ লাখ কোটি টাকা বিনিয়োগ করছেন বাংলাদেশি শিল্পপতি

আন্তর্জাতিক ডেস্ক

জুন ৭, ২০২৬, ১০:৩৫ এএম

ভারতে প্রায় ৪ লাখ কোটি টাকা বিনিয়োগ করছেন বাংলাদেশি শিল্পপতি

বাংলাদেশি-অস্ট্রেলিয়ান শিল্পপতি রবিন খুদার প্রতিষ্ঠান এয়ারট্রাঙ্ক ভারতের ডেটা সেন্টার খাতে প্রায় ৪ লাখ কোটি টাকা বিনিয়োগ করবে। ২০৩০ সালের মধ্যে এই লক্ষ্যমাত্রা অর্জন করতে চায় তারা। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্লাউড কম্পিউটিংয়ের বাড়তি চাহিদা মেটাতেই এই বড় পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রবিন খুদার বৈঠকের পর বিষয়টি চূড়ান্ত হয়েছে।

রবিন খুদার জন্ম ঢাকায়। ঢাকার শের-ই-বাংলা নগর সরকারি বয়েজ স্কুলে তার শিক্ষাজীবন শুরু। মাত্র ১৮ বছর বয়সে তিনি অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করে বর্তমানে অস্ট্রেলিয়ার অন্যতম ধনী ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। 

ফোর্বসের তথ্য অনুযায়ী, তার সম্পদের পরিমাণ দুই বিলিয়ন ডলারের বেশি।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, এই বিনিয়োগ কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্লাউড কম্পিউটিংয়ের বৈশ্বিক কেন্দ্র হিসেবে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করবে। কর্মসংস্থান সৃষ্টি ও উদ্ভাবননির্ভর প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে এই উদ্যোগ।

সবচেয়ে বড় প্রকল্পটি হবে মহারাষ্ট্র রাজ্যে। রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনাবিস জানিয়েছেন, সেখানে তিন গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি ডেটা সেন্টার হাব গড়ে তোলা হবে। এতে প্রায় ২ লাখ কোটি টাকার বেশি বিনিয়োগ থাকবে।২০১৫ সালে এয়ারট্রাঙ্ক প্রতিষ্ঠা করেন রবিন খুদা। বছর দুয়েক আগে ব্ল্যাকস্টোন ও কানাডা পেনশন বোর্ডের নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম ১৬ বিলিয়ন ডলারে এয়ারট্রাঙ্ক অধিগ্রহণ করে। তবে খুদা এখনো কোম্পানিটিতে একটি ছোট অংশীদারিত্ব ধরে রেখেছেন।

এয়ারট্রাঙ্ক ইতোমধ্যে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে তাদের কার্যক্রম সম্প্রসারণ করেছে। বর্তমানে অস্ট্রেলিয়া, হংকং, জাপান ও মালয়েশিয়ায় তাদের শক্তিশালী উপস্থিতি রয়েছে। ভারতের বাজারে এই বিপুল বিনিয়োগ দক্ষিণ এশিয়ার প্রযুক্তিগত অবকাঠামোয় বড় পরিবর্তন আনবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।