জুন ৭, ২০২৬, ১১:৩৯ পিএম
লেবাননের দক্ষিণাঞ্চল ও রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলার জেরে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইসরায়েলের আগ্রাসন অব্যাহত থাকলে তেহরান শুধু আলোচনা স্থগিত করবে না, বরং সরাসরি শত্রুর মোকাবিলায় নামবে।রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এই সতর্কবার্তা দেন তিনি।
গালিবাফ বলেন, আমরা শুধু আলোচনার পথ বন্ধ করব না, বরং শত্রুর সঙ্গে সরাসরি মুখোমুখি সংঘাতে জড়াব। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কঠোর সমালোচনা করে তিনি অভিযোগ করেন, দেশ দুটি যুদ্ধবিরতি বা কূটনৈতিক সংলাপে প্রতিশ্রুতিবদ্ধ নয়।
লেবানন-সংক্রান্ত চুক্তি লঙ্ঘন এবং নৌ অবরোধ আরোপের মাধ্যমে তারা প্রমাণ করেছে যে তারা কেবল শক্তির ভাষাই বোঝে।এই কর্মকর্তা দাবি করেন, ইরানি জনগণের বিরুদ্ধে নৌ অবরোধ এবং ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি স্বার্থকে ঝুঁকির মুখে ফেলছে। তার মতে, জায়নবাদী শাসনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন আজ অঞ্চলজুড়ে তাদের ঘাঁটি ও সম্পদকে বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।
গালিবাফ বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সমঝোতা প্রক্রিয়ায় ইরানের প্রধান আলোচক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার এই বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যে, লেবানন পরিস্থিতির অবনতি হলে কূটনৈতিক আলোচনার পাশাপাশি সামরিক উত্তেজনাও নতুন মাত্রা পেতে পারে। মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে এই হুঁশিয়ারি নতুন করে উত্তাপ ছড়াচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন