সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ওমানে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১১, ২০২৬, ০১:৫০ পিএম

ওমানে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত

ওমানের উপকূলে তেলবাহী একটি জাহাজে মার্কিন বাহিনীর হামলায় তিনজন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। ভারতের জাহাজ চলাচল বিষয়ক মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এই ঘটনাকে ‘দুঃখজনক’ হিসেবে আখ্যায়িত করেছেন।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, মঙ্গলবার সন্ধ্যায় ‘সেত্তেবেল্লো’ নামের ওই জাহাজে ‘নির্ভুল হামলা’ চালানো হয়েছে। তাদের অভিযোগ, ইরানি তেল বহনকারী জাহাজটি মার্কিন বাহিনীর নির্দেশ মানতে ব্যর্থ হয়েছিল। পালাউ-পতাকাবাহী এই তেল ট্যাঙ্কারটিতে মোট ২৮ জন নাবিক ছিলেন, যার মধ্যে ২৪ জন ভারতীয়, দুইজন পাকিস্তানি, একজন ইউক্রেনীয় এবং একজন রুশ নাগরিক ছিলেন। প্রাথমিক উদ্ধার তৎপরতায় ২১ জন ভারতীয় নাবিককে উদ্ধার করা সম্ভব হলেও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় ভারত সরকার কড়া প্রতিবাদ জানিয়েছে। দিল্লির মার্কিন দূতাবাসের উপপ্রধান জেসন মিকসকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের পক্ষ থেকে এই হামলার বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। কূটনৈতিক মহলে এই ঘটনা ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। বর্তমানে উদ্ধার হওয়া নাবিকদের অবস্থা এবং পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত নিয়ে ভারত সরকার অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে।