জুলাই ২, ২০২৬, ০৫:৫৮ পিএম
ভারতের বেঙ্গালুরু রাজ্যের একটি পাথর খনিতে ধসে অন্তত ৭ শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও ৫ জন শ্রমিক আহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। বৃহস্পতিবার (০২ জুলাই) রাজ্যের মাদাপাট্টানা গ্রামে কাবেরী কোম্পানির মালিকানাধীন খনিতে এই দুর্ঘটনা ঘটে। উদ্ধারকারী দল ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।উদ্ধারকাজ এখনো অব্যাহত রয়েছে।
স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দলের তথ্য অনুযায়ী, খনির ওপরের অংশে খননকাজ চলাকালে একটি বিশালাকার পাথরখণ্ড আলগা হয়ে নিচে থাকা শ্রমিকদের ওপর ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় খনিতে প্রায় ১৮ জন শ্রমিক কর্মরত ছিলেন। প্রায় ৪০ ফুট উঁচু থেকে বিশাল শিলাখণ্ডটি ধসে পড়ায় শ্রমিকরা চাপা পড়েন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত ও আহত শ্রমিকদের বেশিরভাগই ভারতের মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় রাজ্যের বাসিন্দা। কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার জানিয়েছেন, সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তিনি আরও জানান, প্রাথমিকভাবে বিস্ফোরণের কোনো লক্ষণ দেখা যায়নি, বরং মাটির ক্ষয়ের কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, খনিটি যথাযথ বিধি মেনে পরিচালিত হচ্ছিল কি না, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত করা হবে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে রাজ্যজুড়ে পাথর খনি পরিচালনার জন্য নতুন নির্দেশিকা জারি করার কথাও জানিয়েছেন তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন