জুলাই ১৮, ২০২৬, ০৬:৩৯ পিএম
ফিলিস্তিনের গাজা উপত্যকাজুড়ে দখলদার ইসরায়েলি বাহিনীর পৃথক হামলায় অন্তত ১৪ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে এক ফিলিস্তিনির জানাজা চলাকালে চালানো ড্রোন হামলায় ৮ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা।শুক্রবার গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ও আল-আওদা হাসপাতালের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার মধ্যগাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আল-বালাতা বাজার এলাকায় বেসামরিক নাগরিকদের এক জনসমাবেশে ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানান, এক ফিলিস্তিনির জানাজার নামাজে অংশ নিতে আহমদ ইয়াসিন মসজিদের বাইরে শোকাহত মানুষ জড়ো হয়েছিলেন। ঠিক সেই সময়ই তাদের লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
জানাজায় হামলার পাশাপাশি গাজার অন্যান্য অঞ্চলেও প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার গাজার উত্তরাঞ্চলীয় শহর বেইত লাহিয়ার আবু তাম্মাম স্কুলের কাছে একটি ইসরায়েলি ড্রোনের বোমা হামলায় ৫২ বছর বয়সী এক নারী নিহত হন। একই দিনে মধ্য গাজার আজ-জাওয়াইদা শহরে একজন এবং নুসেইরাত শরণার্থী শিবিরের পশ্চিমে আল-সাওয়ারহা এলাকায় পৃথক হামলায় আরও দুজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
দীর্ঘদিন ধরে চলা এই সংঘাতময় পরিস্থিতিতে গাজার বেসামরিক নাগরিকদের নিরাপত্তা চরম সংকটে রয়েছে। আন্তর্জাতিক মহলে এই ধরনের হামলার তীব্র নিন্দা জানানো হলেও হামলা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন