আগস্ট ৮, ২০২৬, ০৮:০৩ পিএম
ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু শহরের বেশ কয়েকটি বিলাসবহুল ও নামী পাঁচ তারকা হোটেলে অভিযান পরিচালনা করেছে খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ। পরিচালিত এই ঝটিকা অভিযানে হোটেলগুলোর রান্নাঘর ও গুদামে পচা সবজি, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য এবং ছত্রাকযুক্ত উপাদানের মতো নানা গুরুতর অনিয়মের সন্ধান মিলেছে। খাদ্যদ্রব্যের মান ও স্বাস্থ্যবিধি কঠোরভাবে বজায় রাখার তাগিদে এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে।
কর্ণাটক ফুড সেফটি অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের পক্ষ থেকে ফোর সিজনস ও শাংরি-লাসহ মোট ছাব্বিশটি তিন ও পাঁচ তারকা হোটেলে এই অভিযান চালানো হয়।কর্তৃপক্ষের গঠিত বিশেষ ত্রিশটি দলের মাধ্যমে শহরের বিভিন্ন অঞ্চলের হোটেলগুলোতে এই নজরদারি চালানো হয়। অভিযানকালে মাংস, ভোজ্যতেল, দুধ, মসলা, পনির এবং সসসহ বিভিন্ন খাদ্যপণ্যের পঁয়ত্রিশটি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
প্রাথমিক পর্যবেক্ষণে অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদোত্তীর্ণ পণ্যের উপস্থিতি এবং নিরামিষ ও আমিষ খাবার আলাদা রাখার নিয়ম লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে। অনিয়মের শিকার প্রতিষ্ঠানগুলোকে ইতিমধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।খাদ্য নিরাপত্তার মানদণ্ড কঠোরভাবে নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে রাজ্য প্রশাসন জানিয়েছে যে আইন অমান্যকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে অভিযানে নাম উঠে আসা কিছু হোটেল কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, তাদের প্রস্তুত প্রণালী ও স্বাস্থ্যবিধি সম্পূর্ণ আন্তর্জাতিক মানদণ্ড মেনে পরিচালিত হয় এবং প্রতিবেদনে প্রকাশিত তথ্যের সাথে বাস্তবতার মিল নেই।জনস্বাস্থ্যের সুরক্ষায় এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট বিভাগ থেকে জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন