রবিবার, ২২ নভেম্বর, ২০২৬,

ইরানের অর্থনীতি ধ্বংস করে সরকার পতনের হুমকি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ২১, ২০২৬, ১১:৪৪ এএম

ইরানের অর্থনীতি ধ্বংস করে সরকার পতনের হুমকি যুক্তরাষ্ট্রের

ছবি - সংগৃহীত

ইরানের অর্থনীতি ধ্বংস করে দেশটির বর্তমান সরকারের পতন ঘটানোর হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক সাক্ষাৎকারে স্পষ্টভাবে জানিয়েছেন, ইরানের অর্থনীতি গুঁড়িয়ে দিতে ওয়াশিংটন মিত্র দেশগুলোর সর্বাত্মক সহযোগিতা আশা করে। তার দাবি, সামরিক অভিযানের প্রয়োজনীয়তা কমাতে ইরানের ওপর এই কঠোর অর্থনৈতিক চাপ সৃষ্টির পরিকল্পনা করা হয়েছে।ইরানের অর্থনীতির ওপর পরিকল্পিত চাপের ফলে বড় পরিসরে সামরিক অভিযান চালানোর প্রয়োজন কমবে বলে মনে করছে যুক্তরাষ্ট্র।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে স্কট বেসেন্ট বলেন, ইরান সরকারকে পতনের দিকে ঠেলে দেওয়ার সময় এসেছে এবং বিশ্বের বাকি দেশগুলোকে এ বিষয়ে সুনির্দিষ্ট অবস্থান নিতে হবে। তিনি সতর্ক করে বলেন, যারা ইরানের সঙ্গে ব্যবসায়িক লেনদেন বা তেল কেনাবেচা চালিয়ে যাবে, তাদের বিরুদ্ধেও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের সূত্র ধরে তিনি জানান, যারা এই সরকারকে সহায়তা করবে তাদের ভয়াবহ অর্থনৈতিক পরিণতির মুখোমুখি হতে হবে।

ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এর আগে থেকেই দেশটিকে চাপে রেখেছে। তবে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালি বন্ধের ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় নতুন করে সংকট তৈরি হয়েছে। যুদ্ধবিরতির একাধিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র এখন ইরানের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে সমন্বিত অর্থনৈতিক বিচ্ছিন্নতা তৈরির প্রস্তুতি নিচ্ছে বলে জানান মার্কিন অর্থমন্ত্রী।

ইতিমধ্যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপে ইরানের অর্থনীতি বেশ দুর্বল হয়ে পড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত এক বছরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। তবে তেহরানের অনেক বাসিন্দা মনে করেন, বছরের পর বছর ধরে নিষেধাজ্ঞার সঙ্গে অভ্যস্ত হয়ে পড়া ইরান এই নতুন চাপও মোকাবিলা করতে সক্ষম হবে। দেশটির সরকার বাণিজ্য পরিচালনার জন্য বিকল্প পথ খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।