মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার ঘোষণা ইলন মাস্কের

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ২০, ২০২৬, ০৩:৩৫ পিএম

প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার ঘোষণা ইলন মাস্কের

যুক্তরাষ্ট্রের ১৮ বছরের কম বয়সী প্রতিটি শিশুকে আগামী বছর নিজের মহাকাশ গবেষণা ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের প্রতিষ্ঠান স্পেসএক্সের একটি করে শেয়ার উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। সোমবার (১৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এই চাঞ্চল্যকর ঘোষণা সামনে আনেন।

মার্কিন সেন্সাস ব্যুরোর সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রে বর্তমানে ১৮ বছরের কম বয়সী শিশুর সংখ্যা প্রায় ৭ কোটি ৩০ লাখ। বর্তমান বাজারদর হিসেবে স্পেসএক্সের প্রতি শেয়ারের মূল্য প্রায় ১৪৬ ডলার। সেই হিসাবে এই বৃহৎ আর্থিক পরিকল্পনা বাস্তবায়িত হলে মোট উপহারের বাজারমূল্য দাঁড়াবে প্রায় ১০ দশমিক ৭ বিলিয়ন ডলার। তবে শেয়ার বণ্টনের সুনির্দিষ্ট প্রক্রিয়া, যোগ্যতার মানদণ্ড এবং এর পেছনে প্রয়োজনীয় তহবিল কীভাবে আসবে—সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করেননি তিনি।

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের একটি সামাজিক পদক্ষেপের প্রতিক্রিয়ায় মূলত এই চিন্তা প্রকাশ করেন মাস্ক।

অ্যানথ্রোপিক ঘোষণা করেছিল, কৃত্রিম বুদ্ধিমত্তার আগ্রাসী বিস্তারের ফলে কর্মহীন হয়ে পড়া নাগরিকদের সহায়তায় তারা তাদের মোট শেয়ারের অন্তত ৫ শতাংশ একটি জনকল্যাণ তহবিলে অনুদান দেবে। সেই উদ্যোগের জবাবে সাধারণ মানুষের হাতে সরাসরি করপোরেট মালিকানা তুলে দেওয়ার ধারণা নিয়ে আসেন মাস্ক এবং নিজেই শিশুদের মাঝে এই অংশীদারত্ব বিতরণের ঘোষণা দেন।

আমেরিকায় শিশুদের এমন আর্থিক সুবিধা দেওয়ার নজির অবশ্য একেবারে নতুন নয়।

চলতি মাসেই মার্কিন ট্রেজারি বিভাগ যোগ্য প্রতিটি শিশুর জন্য ১ হাজার ডলার বরাদ্দ রেখে ‍‍`ট্রাম্প অ্যাকাউন্টস‍‍` শীর্ষক আর্থিক অনুদান কার্যক্রম শুরু করেছে।

এর আগে গত জুলাই মাসে স্পেসএক্সের প্রেসিডেন্ট গুইন শটওয়েল ও তাঁর স্বামী ২০ লাখ শিশুর নামে প্রতিষ্ঠানটির একটি করে শেয়ার দানের প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন।

এদিকে মাস্কের ব্যক্তিগত দাতব্য সংস্থা ‍‍`মাস্ক ফাউন্ডেশন‍‍`-এর অর্থায়ন নীতি নিয়েও জনপরিসরে আলোচনা রয়েছে। ২০২৪ সালের সমাপ্তি পর্যন্ত ফাউন্ডেশনটির মোট পরিসম্পদের পরিমাণ ১৪ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। তবে প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের এক অনুসন্ধানী বিশ্লেষণে দাবি করা হয়, ফাউন্ডেশনের তহবিলের একটি উল্লেখযোগ্য অংশ জনহিতৈষী কর্মকাণ্ডের বদলে মাস্কের নিজস্ব বাণিজ্যিক স্বার্থে পরিচালিত প্রতিষ্ঠানে স্থানান্তরিত হয়েছে।

সব মিলিয়ে, স্পেসএক্সের শেয়ার শিশুদের মাঝে হস্তান্তরের এই ঘোষণা প্রযুক্তি খাতের ব্যক্তিমালিকানা এবং শিশুদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। তবে উদ্যোগটি বাস্তবে রূপ দিতে কী ধরনের প্রাতিষ্ঠানিক ও আইনি রূপরেখা অনুসরণ করা হবে, তা জানতে এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বিবৃতির অপেক্ষা করা হচ্ছে।

তথ্যসূত্র: সিএনএন