অক্টোবর ১, ২০২৫, ১০:৫১ এএম
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক হামলার আশঙ্কা দেখা দিলে তিনি জরুরি অবস্থা জারির জন্য প্রস্তুত। সোমবার (২৯ সেপ্টেম্বর) তিনি এই ঘোষণা দেন।
সম্প্রতি মাদকবাহী সন্দেহে ভেনেজুয়েলার কয়েকটি নৌকা লক্ষ্য করে যুক্তরাষ্ট্র হামলা চালালে অন্তত ১৭ জন নিহত হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ধারণা করা হচ্ছে, যেকোনো সময় যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক অভিযান শুরু করতে পারে।
মাদুরো জানান, ভেনেজুয়েলার সংবিধান অনুযায়ী, যদি আমেরিকার সাম্রাজ্যবাদ দেশটির জনগণের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার স্বার্থের বিরুদ্ধে সামরিক হামলা চালায়, তবে ভেনেজুয়েলা জরুরি অবস্থা জারি করবে। এ বিষয়ে পরামর্শ প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।
ঠিক একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় যুদ্ধজাহাজ, পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন ও এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েন করেছেন। পুয়ের্তো রিকোতেও মোতায়েন করা হয়েছে যুদ্ধবিমান। সাম্প্রতিক সময়ে ক্যারিবীয় অঞ্চলে এটিই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি।
ট্রাম্প প্রকাশ্যে দাবি করেছেন, এই মোতায়েন মাদকবিরোধী অভিযানের অংশ। মার্কিন বাহিনী এরই মধ্যে আন্তর্জাতিক জলসীমায় তিনটি ছোট নৌকা ধ্বংস করেছে। ওয়াশিংটন বলছে, নৌকাগুলো মাদক পাচারের কাজে ব্যবহৃত হচ্ছিল।
তবে ভেনেজুয়েলা এই পদক্ষেপকে তাদের বিরুদ্ধে 'অঘোষিত যুদ্ধ' বলে অভিহিত করেছে। জাতিসংঘ ও মার্কিন তথ্য অনুসারে, ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রে কোকেন সরবরাহের প্রধান উৎস নয়। হোয়াইট হাউস ভেনেজুয়েলার অভ্যন্তরে বিমান হামলার পরিকল্পনা করছে বলেও খবর প্রকাশিত হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন