জানুয়ারি ২৫, ২০২৬, ০৬:৪৬ পিএম
যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি সাদ্দাম হোসেনের ‘প্যারোলে মুক্তি’ না পাওয়া নিয়ে দেশজুড়ে তোলপাড় চলছে। স্ত্রী ও ৯ মাসের শিশু সন্তানের মরদেহ কারাগারের গেটে দেখার করুণ দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে।
তবে এ বিষয়ে আইনি জটিলতা ও প্যারোলে মুক্তি না দেওয়ার সুনির্দিষ্ট কারণ স্পষ্ট করেছেন বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) গোলাম মো. বাতেন।
জেলা প্রশাসক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গত ২৩ জানুয়ারি (শুক্রবার) তার বাংলোতে সাদ্দামের প্যারোলে মুক্তির একটি আবেদন আসে। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে কারা কর্তৃপক্ষকে জানালে তারা আইনি সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। ২০১৬ সালের বিদ্যমান কারা আইন অনুযায়ী, কোনো বন্দি যদি নিজ জেলার বাইরের কোনো কারাগারে আটক থাকেন।
তবে তাকে বিশেষ প্রয়োজনে প্যারোলে মুক্তি দেওয়ার বিধান নেই। সাদ্দাম বাগেরহাটের বাসিন্দা হলেও বর্তমানে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকায় আইনিভাবে তাকে বাগেরহাট জেলা প্রশাসকের পক্ষ থেকে মুক্তি দেওয়া সম্ভব ছিল না।সাদ্দামের মামা মো. হেমায়েত উদ্দিন জানান, তারা জেলা প্রশাসকের পরামর্শে বাগেরহাট কারা কর্তৃপক্ষের কাছে গেলেও সেখান থেকে জানানো হয় তাদের কোনো এখতিয়ার নেই। আইন অনুযায়ী যে জেলার কারাগারে আসামি বন্দি থাকেন, সেই জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করার নিয়ম।
কিন্তু সময় স্বল্পতা ও কারিগরি জটিলতার কারণে তারা পুনরায় যশোরে গিয়ে আবেদন করার সুযোগ পাননি। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে মরদেহ নিয়ে যশোর কারাগারের ফটকে গেলে কর্তৃপক্ষ মাত্র তিন মিনিটের জন্য সাদ্দামকে তার স্ত্রী ও সন্তানের মুখ দেখার অনুমতি দেয়।
উল্লেখ্য, গত শুক্রবার বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী (২২) তার ৯ মাসের শিশুকে পানিতে চুবিয়ে হত্যার পর নিজে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। সাদ্দাম হোসেন গত ৫ আগস্টের পর গোপালগঞ্জ থেকে গ্রেফতার হয়ে বর্তমানে একাধিক মামলায় যশোর কারাগারে বন্দি রয়েছেন। এই মর্মান্তিক ঘটনার পর প্যারোলে মুক্তির বিষয়টি নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হলেও প্রশাসনের পক্ষ থেকে আইনি ব্যাখ্যার মাধ্যমে বিষয়টি পরিষ্কার করা হলো।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন