মার্চ ৩১, ২০২৬, ১২:৪৬ পিএম
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান পদত্যাগ করেছেন। সোমবার সুপ্রিম কোর্টে পাঠানো তার পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। উচ্চ আদালতের এই বিচারপতির পদত্যাগের বিষয়টি সোমবার সংশ্লিষ্ট বিভাগ থেকে নিশ্চিত করা হয়েছে।এর আগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসানের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে সুনির্দিষ্ট অভিযোগ করা হয়েছিল।
দুর্নীতি, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে শাহ গ্রুপের চেয়ারম্যান কে এম মজিবুল হক এই আবেদন করেন। ওই আবেদনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে বিষয়টি গুরুত্বের সাথে তদন্তের অনুরোধ জানানো হয়েছিল। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত হলে সংবিধানের আওতায় এ বিষয়ে প্রয়োজনীয় ও যথাযথ ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয় সেখানে।
বিচারপতি রেজাউল হাসানের বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে যে, তিনি ২০১০ ও ২০১১ সালের দুটি কোম্পানি মামলার কার্যধারায় স্পষ্ট পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন।
একটি মামলায় সংশ্লিষ্ট জ্যেষ্ঠ আইনজীবী আদালতে উপস্থিত না থাকলেও রায়ে তার নামে যুক্তিতর্ক উল্লেখ করা হয়েছিল। পরবর্তী সময়ে এই বিষয়টি উচ্চতর আদালত অর্থাৎ আপিল বিভাগে বাতিল হয়ে যায়।এছাড়া অন্য একটি মামলায় আবেদনকারীর স্ত্রীকে পক্ষভুক্ত না করেই তার মালিকানাধীন ১৩ লাখ শেয়ার বাতিল করা হয়। এই পদক্ষেপটি আবেদনকারীর দৃষ্টিতে এবং প্রচলিত ন্যায়বিচারের নীতির সম্পূর্ণ পরিপন্থি হিসেবে গণ্য করা হয়েছিল।
এই ধরণের অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আসার পরই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।আইনি সংশ্লিষ্টরা মনে করছেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগ জমা পড়ার পর এই পদত্যাগ একটি বিশেষ তাৎপর্য বহন করে। বিচার বিভাগের স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে এই ঘটনাটি আইন অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে। রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠানোর মাধ্যমে তার দায়িত্ব থেকে অব্যাহতির আইনি প্রক্রিয়াটি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন