রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬,

ট্রাইব্যুনালে নেওয়া হলো বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশীদকে

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৭, ২০২৬, ০১:১৮ পিএম

ট্রাইব্যুনালে নেওয়া হলো বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশীদকে

বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশীদ

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশীদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ রোববার (১৭ মে) বেলা ৩টার দিকে তাকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। এর আগে গতকাল শনিবার রাতে ঢাকা মহানগরীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশীদকে গ্রেপ্তার করে পুলিশ প্রশাসন।

আজ তাকে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে হাজির করা হয়।ট্রাইব্যুনালে হাজির করার পর সাবেক এই ভিসিকে কারাগারে পাঠানোর জন্য আনুষ্ঠানিক আবেদন জানাবে প্রসিকিউশন পক্ষ। 

এর আগে গত ৯ এপ্রিল শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের এই চাঞ্চল্যকর মামলায় ২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন বিশেষ এই ট্রাইব্যুনাল-২। ওই রায়ে প্রধান আসামি হিসেবে বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশীদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল। 

কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে পলাতক অবস্থায় ছিলেন।মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাড়িতে তিনি আত্মগোপন করে আছেন এমন খবর পেয়ে গতকাল শনিবার রাতে তাকে প্রথমে আটকে রাখেন স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা। 

পরবর্তীতে সংশ্লিষ্ট থানা পুলিশকে খবর দেওয়া হলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান। আজ দুপুরের পর তাকে বিশেষ নিরাপত্তায় ট্রাইব্যুনাল প্রাঙ্গণে হাজির করা হয়।