জুলাই ৯, ২০২৬, ০৮:৫২ পিএম
গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান হারিচ জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। প্রায় ২১ মাস কারাভোগের পর বুধবার সন্ধ্যায় বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।আইনি জটিলতার পর জামিনে মুক্তি পেলেন তিনি।
কারা সূত্র ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের অক্টোবর মাসে ঢাকার রামপুরা এলাকা থেকে হারিছুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় ১০টি মামলা দায়ের করা হয়েছিল। এর মধ্যে আটটি মামলায় তিনি স্থানীয় আদালত থেকে এবং বাকি দুটি মামলায় হাইকোর্ট থেকে জামিন লাভ করেন। জামিনের আদেশ কারাগারে পৌঁছানোর পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে মুক্তি দেওয়া হয়। বরিশাল কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত জেলার আবু ইউসুফ হারিছুর রহমানের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে হারিছুর রহমানের মুক্তির খবর ছড়িয়ে পড়লে গৌরনদীর রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। স্থানীয় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী তার জামিনের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সরোয়ার এ বিষয়ে বলেন, হারিছুর রহমানের কর্মকাণ্ডের ফলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বিগত সময়ে যে পরিস্থিতির শিকার হয়েছেন, তা দুঃখজনক।
হারিছুর রহমানের মুক্তি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছে। একদিকে তার অনুসারীরা মুক্তির খবরে স্বস্তি প্রকাশ করছেন, অন্যদিকে বিরোধী দলীয় নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে উদ্বেগের সুর শোনা যাচ্ছে। হারিছুর রহমানের বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিচারিক কার্যক্রম আইন অনুযায়ী চলমান থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন