রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কাদের ও সাদ্দামের ফোনালাপে শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ ফাঁস

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৬, ২০২৬, ০১:০১ পিএম

কাদের ও সাদ্দামের ফোনালাপে শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ ফাঁস

ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দেওয়ার অভিযোগে তৎকালীন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেনের একটি ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্ক উপস্থাপনের সময় বৃহস্পতিবার ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে প্রসিকিউশন এই কল রেকর্ডটি দাখিল করে।

ফোনালাপের ওই অডিও রেকর্ডে আন্দোলনকারীদের সরাসরি মারধর করার নির্দেশ শোনা গেছে বলে ট্রাইব্যুনালকে জানানো হয়েছে।প্রসিকিউশনের বরাত দিয়ে জানা যায় যে চব্বিশ সালের ১১ জুলাই ওবায়দুল কাদের সরাসরি ফোন করেছিলেন ওই সময়ের ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানকে। কল রেকর্ডে ওবায়দুল কাদেরকে শিক্ষার্থীদের বর্তমান অবস্থান সম্পর্কে জানতে চাইতে শোনা যায়। 

জবাবে সাদ্দাম জানান যে প্রায় তিন হাজার শিক্ষার্থী কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং তারা একটি সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।কথোপকথনের একপর্যায়ে ওবায়দুল কাদেরকে বলতে শোনা যায় যে শিক্ষার্থীদের কেন পেটানো বা মারা হচ্ছে না। সাদ্দাম হোসেন তখন পুলিশের অবস্থানের কথা উল্লেখ করলে ওবায়দুল কাদের আবারও মারধরের নির্দেশ দিয়ে পরিস্থিতি হালকা করার কথা বলেন। 

সাদ্দাম জানান যে তারা রাজনৈতিকভাবে বিষয়টি মোকাবেলা করতে চেয়েছিলেন, কিন্তু পুলিশ তাদের শাহবাগের দিকে যেতে বা আন্দোলনকারীদের মুখোমুখি হতে বারবার নিষেধ করেছে।এ সময় কে নিষেধ করেছে তা জানতে চাইলে ইনান জানান যে পুলিশ এবং বিপ্লব নামের একজন তাদের বারণ করেছেন। এর জবাবে ওবায়দুল কাদের বিরক্তি প্রকাশ করে বলেন যে বিপ্লবের তো এমন কথা বলার কথা নয়।