সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১২:১৪ পিএম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার ঘটনায় আজ দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিতে হাজির হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটে ট্রাইব্যুনালে উপস্থিত হন।
আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে তার অবশিষ্ট সাক্ষ্যগ্রহণ ও জেরা অনুষ্ঠিত হবে।
এরপর শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন তাকে জেরা করবেন। মাহমুদুর রহমানের সাক্ষ্যগ্রহণ শেষে এ মামলায় সাক্ষ্য দেবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
এর আগে সোমবার (১৫ সেপ্টেম্বর) মাহমুদুর রহমান সাক্ষ্য দেওয়া শুরু করলেও তা শেষ না হওয়ায় আজকের দিন ধার্য করা হয়। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মামলার ঐতিহাসিক প্রেক্ষাপটের বিষয়ে সাক্ষ্য দেওয়ার কথা ছিল মাহমুদুর রহমান ও নাহিদ ইসলামের।
উল্লেখ্য, গত ১০ জুলাই ট্রাইব্যুনাল শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এ পর্যন্ত মামলায় মোট ৪৫ জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন