বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

জুলাই সনদ নিয়ে আসিফ মাহমুদের ৪ শব্দের পোস্ট ভাইরাল

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ১২, ২০২৬, ০৯:৫২ এএম

জুলাই সনদ নিয়ে আসিফ মাহমুদের ৪ শব্দের পোস্ট ভাইরাল

আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার একটি ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বুধবার দিবাগত রাত ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জুলাই সনদ ইস্যুতে মাত্র চার শব্দের একটি স্ট্যাটাস দেন তিনি। সেখানে তিনি ইংরেজিতে লেখেন জুলাই সনদ নন-নেগোশিয়েবল। 

এর অর্থ হলো জুলাই সনদ নিয়ে কোনো প্রকার আপস বা দরকষাকষি করার সুযোগ নেই। রাজনৈতিক অঙ্গনে যখন জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কার নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে নানামুখী বিতর্ক চলছে তখন আসিফ মাহমুদের এই সংক্ষিপ্ত অথচ কঠোর বার্তাটি বিশেষ তাৎপর্য বহন করছে।

পোস্টটি দেওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই তা ইন্টারনেটে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়ে যায়। এক ঘণ্টার মধ্যেই ওই স্ট্যাটাসে প্রায় ১৫ হাজারেরও বেশি প্রতিক্রিয়া জমা পড়ে এবং শত শত আইডি থেকে নানা মন্তব্য করা হয়। 

বিশেষ করে জাতীয় নাগরিক পার্টির কর্মী ও জুলাই বিপ্লবের সমর্থকদের মাঝে এই পোস্টটি নতুন করে উদ্দীপনা তৈরি করেছে। আসিফ মাহমুদ বর্তমানে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন এবং জুলাই বিপ্লবের চেতনা ও সংস্কার কার্যক্রম নিয়ে শুরু থেকেই রাজপথে এবং সামাজিক মাধ্যমে সক্রিয় রয়েছেন। তার এই বার্তার মাধ্যমে এটি পরিষ্কার যে জুলাই সনদের দাবি আদায়ের প্রশ্নে তারা কোনো নমনীয় অবস্থানে নেই।সম্প্রতি জুলাই সনদ এবং বিএনপির ফ্যামিলি কার্ড ইস্যু নিয়ে রাজনৈতিক মহলে পাল্টাপাল্টি বিতর্ক তৈরি হয়েছে। 

এর আগে শিশির মনিরের একটি পোস্ট নিয়েও তোলপাড় হয়েছিল। সেই ধারাবাহিকতায় আসিফ মাহমুদের এই ঘোষণা রাজনৈতিক বিশ্লেষকদের নজর কেড়েছে। সংসদ অধিবেশন শুরুর ঠিক আগ মুহূর্তে এমন একটি পোস্ট দেওয়াকে তারা বিশেষ কৌশল হিসেবে দেখছেন। আসিফ মাহমুদের এই সংক্ষিপ্ত বার্তার মাধ্যমে জুলাই সনদের গুরুত্ব ও অটল অবস্থানের বিষয়টিই ফুটিয়ে তোলা হয়েছে। জনমনে এই ৪টি শব্দের প্রভাব এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রে চলে এসেছে।