এপ্রিল ১৭, ২০২৬, ১০:২৮ এএম
সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য, অশ্লীলতা ও বিষোদগারের এক ভয়াবহ সংস্কৃতি গড়ে উঠেছে যা এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এবং ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলোতে প্রতিদিন অগণিত ভুয়া তথ্য ও ভিডিও ছড়িয়ে পড়ছে, যার লক্ষ্যবস্তু হচ্ছেন রাজনৈতিক নেতা থেকে শুরু করে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। এমনকি রাষ্ট্রের শীর্ষ ব্যক্তি এবং তাঁর পরিবারের সদস্যরাও রাজনৈতিক প্রশ্রয়ে লালিত বিভিন্ন ‘বট বাহিনীর’ আক্রমণ থেকে রেহাই পাচ্ছেন না।
তথাকথিত বাকস্বাধীনতার দোহাই দিয়ে এই কদর্য ভাষাকে জায়েজ করার চেষ্টা চলছে, যা পুরো সমাজের নৈতিক ভিত্তিকে নড়বড়ে করে দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
পরিসংখ্যান বলছে, গত বছরের তুলনায় চলতি বছর অপতথ্য ছড়ানোর হার অবিশ্বাস্যভাবে বেড়েছে। আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক স্বীকৃত প্রতিষ্ঠান ‘রিউমার স্ক্যানার বাংলাদেশ’-এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের প্রথম তিন মাসেই প্রায় এক হাজার ৯৭৪টি ভুল তথ্য শনাক্ত করা হয়েছে।
এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৩৬ শতাংশ বেশি। এই বিপুল পরিমাণ ভুল তথ্যের বড় একটি অংশ দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে কেন্দ্র করে ছড়ানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও বিভিন্ন বৈশ্বিক ইস্যুকে কেন্দ্র করে এই অপতৎপরতা আরও বেড়েছে।ইন্টারনেটের এই অন্ধকার জগত সজ্জন ও রুচিশীল ব্যক্তিদের সামাজিক মাধ্যম থেকে দূরে সরিয়ে দিচ্ছে। লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদের পর্যবেক্ষণ অনুযায়ী, ফেসবুক এখন আর সামাজিক যোগাযোগের মাধ্যম নেই, বরং এটি উগ্রতা ও নারীবিদ্বেষী একটি গোষ্ঠীর দখলে চলে গেছে।
মূর্খ ও বেয়াদব শ্রেণির মানুষের ট্রলিংয়ের ভয়ে অনেক বুদ্ধিজীবী ও লেখক এখন গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে পোস্ট দিতে ভয় পাচ্ছেন। এর ফলে ভার্চুয়াল জগতে সুস্থ বিতর্কের জায়গা দখল করে নিচ্ছে ব্যক্তিগত আক্রমণ এবং কুৎসিত চরিত্রহনন। এমনকি নাসার বৈজ্ঞানিক অভিযানের মতো তথ্যবহুল পোস্টেও কুরুচিপূর্ণ মন্তব্যের ছড়াছড়ি দেখা যাচ্ছে, যা সামাজিক অবক্ষয়ের চরম সীমা নির্দেশ করে।
আইনজীবীরা বলছেন, ডিজিটাল মাধ্যমে কাউকে গালাগালি বা সম্মানহানি করা প্রচলিত প্যানাল কোড এবং সাইবার নিরাপত্তা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। তবে ফেক আইডি বা ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে পরিচালিত ‘বট বাহিনী’ একটি বড় প্রতিবন্ধকতা হিসেবে দাঁড়িয়েছে। জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরশেদ মনে করেন, এসব বাহিনীর পেছনে খুব বেশি লোক নেই, বরং একই ভাষা ব্যবহার করে একজন ব্যক্তি শত শত ভুয়া আইডি থেকে আক্রমণ চালায়। কোনো গঠনমূলক সমালোচনা না করে ব্যক্তিগত ও পারিবারিক আক্রমণ করাকে পৃথিবীর কোনো দেশই বাকস্বাধীনতা হিসেবে অনুমোদন করে না।
সামাজিক এই অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. শাহ কাওসার মুস্তাফা আবুলউলায়ী। তাঁর মতে, পরিবার ও সমাজ থেকে নৈতিক শিক্ষার অভাব এবং রাজনৈতিক স্বার্থে গালিগালাজকে ব্যবহার করার কারণে জাতি আজ নিচের দিকে ধাবিত হচ্ছে। তিনি মনে করেন, রাজনীতিতে অতীতেও মতভেদ ছিল, কিন্তু তাতে ন্যূনতম একটা শালীনতাবোধ থাকত। বর্তমানে সমাজচিন্তাবিদ, শিক্ষক ও বুদ্ধিজীবীদের দল-মত নির্বিশেষে এই কুরুচিপূর্ণ কালচারের বিরুদ্ধে সোচ্চার হওয়া জরুরি। নতুবা এই কদর্যতা প্রতিটি ঘরে ঢুকে আমাদের পরবর্তী প্রজন্মের মন-মগজকেও বিষাক্ত করে তুলবে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন