মে ২৫, ২০২৬, ০৭:১৮ পিএম
সামাজিক যোগাযোগ মাধ্যমে রোমান্টিক গান গাওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর নতুন করে আলোচনায় এসেছেন রফিকুল ইসলাম মাদানী। রোববার রাতে মাহবুবুল হক হাসান নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে তার গানের ভিডিওটি পোস্ট করা হয়। খুব অল্প সময়ের মধ্যেই ভিডিওটি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া সৃষ্টি করে।
ভিডিওতে তাকে পুকুর পাড়ে মোবাইল নিয়ে গান গাইতে দেখা যায়।পুকুর পাড়ে বসে ভিডিও কলে অন্য একজনকে তিনি গানটি শোনাচ্ছিলেন। তবে অপর প্রান্তে থাকা ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
ভিডিওতে তাকে ‘ভালো লাগে তোর ভেচকিটাও, ভুল বুঝে তুই কাঁদিস যখন’—এমন কথার কিছু লাইন গাইতে শোনা গেছে। এর আগেও বিয়ে সংক্রান্ত মন্তব্যের কারণে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন এই বক্তা।গানটি স্বরচিত না অন্য কোনো শিল্পীর, তা নিয়ে চলছে তর্ক।
ভাইরাল এই ভিডিওর কমেন্ট সেকশনে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যবহারকারীরা। কেউ কেউ এটিকে রসিকতা হিসেবে দেখছেন, আবার কেউ কেউ কঠোর সমালোচনা করছেন। ‘হুজুর রোমান্টিক মুডে আছেন’—এমন মন্তব্যও দেখা গেছে পোস্টের নিচে। পুরো বিষয়টি নিয়ে নেট দুনিয়ায় এখন ব্যাপক আলোচনা ও হাসাহাসি চলছে।প্রতিক্রিয়াগুলো এখন সামাজিক মাধ্যমে বেশ সরব।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন