আগস্ট ২২, ২০২৬, ১১:২৪ পিএম
উমরাহ পালন করতে গিয়ে হজরত মুহাম্মদ (সা.)-এর মক্কা থেকে মদিনায় হিজরতের ঐতিহাসিক ঘটনা এবং জাবালে সুরের গুহার স্মৃতি রোমন্থন করে একটি তাৎপর্যপূর্ণ ফেসবুক পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরাবিষয়ক উপকমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে তিনি কঠিন বিপদের মুহূর্তে আল্লাহর ওপর নিঃশর্ত ভরসা, ধৈর্য এবং সতর্ক পরিকল্পনার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।পবিত্র কোরআনের সুরা আত-তাওবার ৪০ নম্বর আয়াত উদ্ধৃত করে তিনি হতাশা পরিহার করার আহ্বান জানান।
পোস্টে তিনি উল্লেখ করেন, মক্কার কুরাইশদের ষড়যন্ত্র এড়িয়ে রাসুলুল্লাহ (সা.) ও হজরত আবু বকর (রা.) মদিনার পথে সরাসরি রওনা না হয়ে দক্ষিণে জাবালে সুরের দুর্গম গুহায় আশ্রয় নিয়েছিলেন। সেখানে টানা তিন দিন অত্যন্ত সতর্কতার সঙ্গে তাঁরা অবস্থান করেন। ওই সময়ে হজরত আবু বকর (রা.)-এর পুত্র আবদুল্লাহর মাধ্যমে কুরাইশের গতিবিধির খবর সংগ্রহ এবং আমের ইবনে ফুহাইরার মাধ্যমে পশুপাল দিয়ে পায়ের চিহ্ন মুছে ফেলার মতো সুপরিকল্পিত কৌশল অবলম্বন করা হয়েছিল বলে তিনি বর্ণনা করেন।
ইসলামের ইতিহাসের এই অধ্যায়ের তাৎপর্য তুলে ধরে তিনি জানান, চরম সংকটের মুহূর্তেও সুশৃঙ্খল পরিকল্পনা এবং তাওয়াক্কুলের মাধ্যমে যেকোনো বাধা অতিক্রম করা সম্ভব। গুহার মুখে শত্রুরা পৌঁছে যাওয়ার পরও অলৌকিক সহায়তায় রক্ষা পাওয়ার সেই ঐতিহাসিক ঘটনা বর্তমান প্রজন্মের জন্যও এক বড় শিক্ষা। জাবালে সুরের পাথুরে বুকে লুকিয়ে থাকা ত্যাগের ইতিহাস মানবজাতিকে সত্যের পথে অবিচল থাকার প্রেরণা যোগায় বলে তিনি উল্লেখ করেন। তাঁর এই ধর্মীয় ও ঐতিহাসিক স্মৃতিচারণমূলক পোস্টটি বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন