অক্টোবর ১৪, ২০২৫, ০২:৪৫ পিএম
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে সরকারের প্রতি তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ। একই সঙ্গে, তার ফোনালাপের পরিপ্রেক্ষিতে শিক্ষকরা তাদের পূর্বঘোষিত ‘সচিবালয় চলো’ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে হাসনাত আবদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে লেখেন, “দেশ গড়ার কারিগর আমাদের সম্মানিত শিক্ষকদের দাবি মেনে নিন।”এর কিছুক্ষণ পরেই, দুপুর ১২টায় যখন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষকদের সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু হওয়ার কথা, তখন আন্দোলনরত শিক্ষক নেতা দেলাওয়ার হোসেন আজিজী মাইকে একটি নতুন ঘোষণা দেন।
তিনি বলেন, “এনসিপির নেতা, আমাদের পাশে সবসময় যিনি থেকেছেন, সেই হাসনাত আবদুল্লাহ আমাকে মোবাইলে কল করেছিলেন। তিনি জানিয়েছেন, এই মুহূর্তে সচিবালয়ে শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে একটি গুরুত্বপূর্ণ মিটিং চলছে। সেখান থেকে একটি ইতিবাচক সিদ্ধান্ত না আসা পর্যন্ত তিনি আমাদের ‘লং মার্চ’ কর্মসূচি স্থগিত রাখার জন্য অনুরোধ করেছেন।”
শিক্ষক নেতা আরও জানান, হাসনাত আবদুল্লাহর এই অনুরোধের প্রতি সম্মান জানিয়ে এবং বৈঠকের ফলাফলের জন্য অপেক্ষা করতে তারা তাদের ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিটি দুপুর ১২টার পরিবর্তে বিকেল ৪টা পর্যন্ত স্থগিত করেছেন। বিকেল ৪টার মধ্যে কোনো সমাধান না এলে তারা (আবার) সচিবালয়ের দিকে পদযাত্রা শুরু করবেন বলে জানান।একজন রাজনৈতিক নেতার সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট এবং তৎপরবর্তী ফোনালাপের মাধ্যমে একটি বড় কর্মসূচির গতিপথ পরিবর্তিত হওয়ায় বিষয়টি মিডিয়া ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন