রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আ. লীগ নেতাদের নির্বাচনে রাশেদের হুঁশিয়ারি

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৪, ২০২৫, ০৮:৪৫ পিএম

আ. লীগ নেতাদের নির্বাচনে রাশেদের হুঁশিয়ারি

ছবি - সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো নেতা যদি আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে চান, তবে তাদের ‘পিঠে ছালা বেঁধে’ মাঠে নামার পরামর্শ দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি এই নেতাদের ‘ভারতের দালাল’ ও ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যায়িত করে তাদের শক্তভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই আক্রমণাত্মক মন্তব্য করেন।

রাশেদ খান তার পোস্টে অভিযোগ করেন, যদিও সরকার এবং নির্বাচন কমিশন উভয়েই বলছে যে, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, তবুও দলটির পদে থাকা নেতারা ইতিমধ্যেই স্বতন্ত্রভাবে নির্বাচন করার জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছেন। তিনি বলেন, কিছুদিন আগে এই নেতারাই ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ গঠনের প্রক্রিয়া নিয়ে অগ্রসর হচ্ছিলেন। এখন তারা ‘ভারতের পরামর্শে’ স্বতন্ত্রভাবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি দাবি করেন।

সাবেক ক্ষমতাসীন দলের নেতাদের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে রাশেদ খান বলেন, তারা বুঝতে পারছেন না যে, তাদের নেত্রী শেখ হাসিনাকে ভারতও রক্ষা করতে পারেনি। তাই তিনি ব্যঙ্গ করে বলেন, ‘সুতরাং নির্বাচন করতে চাইলে পিঠে ছালা বেঁধে মাঠে নামুন।’ তিনি আরও বলেন, জনগণ ভারতের দালাল ও ফ্যাসিবাদের দোসরদের প্রতিহত করার জন্য প্রস্তুত আছে। রাশেদ খান কেবল প্রার্থীদেরই নয়, তাদের সমর্থকদেরও হুঁশিয়ার করেন। তিনি বলেন, কোনো ব্যক্তি যদি টাকা-পয়সা খেয়ে এই ‘আওয়ামী দোসর’ বা ‘ভারতীয় দালালদের’ সমর্থন দেন ও পৃষ্ঠপোষকতা করেন, জনগণ তাদেরও ‘পচা ডিম’ মারবে।

গণ অধিকার পরিষদের এই নেতা ‘আবু সাঈদদের রক্তের শপথ’ উল্লেখ করে বলেন, কোনো ভারতীয় দালাল ও আওয়ামী দোসরদের ‘ডামি-মামি’ হিসেবে স্বতন্ত্রভাবে নির্বাচন করতে দেওয়া হবে না। এর জন্য যদি লড়াই করার প্রয়োজন হয়, তবে শক্তভাবেই সেই লড়াই করা হবে। তিনি চূড়ান্তভাবে সতর্ক করে বলেন, মাঠে নেমে পরিবেশ ঘোলাটে করা বা দেশকে অস্থিতিশীল করার কোনো চেষ্টা করা হলে তা শক্তভাবে প্রতিহত করা হবে।