বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

সকল ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১০, ২০২৫, ০৫:৪৪ পিএম

সকল ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার

কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রাল এবং সেন্ট জোসেফ স্কুল প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণসহ একাধিক ঘটনার পর রাজধানী ঢাকায় সকল ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে অন্তর্বর্তী সরকার।

ধর্মীয় সহাবস্থানে কোনোরূপ বিঘ্ন ঘটানোর প্রচেষ্টা হলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে বলে সরকারের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি জানানো হয়েছে।

সোমবার বিকেলে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক বিবৃতিতে প্রেস উইং এই তথ্য নিশ্চিত করে। বিবৃতিতে জানানো হয়, সন্দেহভাজন ব্যক্তিকে ককটেল বিস্ফোরণসহ একাধিক ঘটনার বিষয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ফেসবুক পোস্টে আরও বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এই জঘন্য ও কাপুরুষোচিত সহিংসতায় জড়িত প্রত্যেককে গ্রেপ্তারের জন্য র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সাথে সমন্বয় করে শহরজুড়ে অভিযান জোরদার করেছে। ফলস্বরূপ, রাজধানীর সকল গির্জা এবং সকল ধর্মের অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে।

অন্তর্বর্তী সরকার এই হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আন্তঃধর্মীয় ঐক্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। সরকার স্পষ্ট করে দিয়েছে যে, ধর্মীয় সহাবস্থান ও জাতীয় ঐক্যে কোনো ধরনের বিঘ্ন ঘটানোর প্রচেষ্টা হলে জড়িতদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ ও কঠোর প্রয়োগ করা হবে। এই পদক্ষেপের মাধ্যমে সরকার দেশে স্থিতিশীলতা ও সম্প্রীতি বজায় রাখার বার্তা দিয়েছে।