বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

দায়িত্বরত পুলিশ সদস্যদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১০, ২০২৫, ১০:০৮ পিএম

দায়িত্বরত পুলিশ সদস্যদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা

রাজধানী ঢাকায় রাজনৈতিক উত্তেজনা ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে, মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের ব্যক্তিগত মোবাইল ফোন ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আজ সোমবার (১০ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এই বিশেষ নির্দেশনা দেন।

ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মাঠপর্যায়ে টহল, চেকপোস্ট, মোবাইল টিম এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় থাকা কোনো পুলিশ সদস্য দায়িত্ব পালনকালে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। তবে, টিমের সংশ্লিষ্ট ইনচার্জ বা টিম লিডাররা প্রয়োজনে যোগাযোগের জন্য ফোন ব্যবহার করতে পারবেন।

নির্দেশনায় বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের নিষিদ্ধ রাজনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে সব সদস্যকে দায়িত্ব পালনে সর্বোচ্চ মনোযোগী থাকতে হবে। এই নির্দেশনা অমান্য করলে তা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ডিএমপি কর্মকর্তারা জানিয়েছেন। এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করা হয়েছে।