নভেম্বর ১১, ২০২৫, ০৯:৪৬ এএম
জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর নিজ উদ্যোগে সমঝোতায় পৌঁছানোর জন্য অন্তর্বর্তী সরকারের বেঁধে দেওয়া সময়সীমা কার্যত গতকাল সোমবার শেষ হয়েছে। এই সময়ের মধ্যে দলগুলোর মধ্যে দৃশ্যত কোনো অগ্রগতি বা সমঝোতার কার্যকর উদ্যোগ দেখা যায়নি।
এই প্রেক্ষাপটে সনদ বাস্তবায়নের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে কয়েকজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা বৈঠকে বসতে যাচ্ছেন।
প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র নিশ্চিত করেছে, এই বৈঠকে সার্বিক বিষয়ে পর্যালোচনা করা হবে এবং পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ধারণা করা হচ্ছে, আগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং গণভোটের বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।জুলাই সনদ বাস্তবায়ন বিশেষ করে গণভোট, উচ্চকক্ষে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) এবং নতুন সংসদের ২৭০ দিনের মধ্যে সনদ বাস্তবায়নের বাধ্যবাধকতা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চরম মতবিরোধ তৈরি হয়েছে।
বিএনপি ও সমমনাদের দাবি হলো, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হতে হবে। তারা ঐকমত্য কমিশনের সুপারিশকৃত প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে উচ্চকক্ষ গঠনেরও বিরোধী। দলটির দাবি, উচ্চকক্ষ বিদ্যমান সংসদের সংরক্ষিত নারী আসনের আদলে গঠিত হতে হবে।
অন্যদিকে, জামায়াতে ইসলামীসহ সমমনা আটদলীয় জোট চায় সংসদ নির্বাচনের আগে নভেম্বরের মধ্যেই গণভোট হতে হবে। উচ্চকক্ষের পিআর ইস্যুতেও এই দলগুলোর অবস্থান বিএনপির সম্পূর্ণ বিপরীত; তারা প্রাপ্ত ভোটের ভিত্তিতে উচ্চকক্ষে পিআর চায়। দুদলের পাল্টাপাল্টি অবস্থানের কারণে জুলাই সনদ বাস্তবায়নের চূড়ান্ত সুপারিশ প্রকাশ হলে তাদের বিরোধ আরও প্রকট হয়।
এই সুপারিশকে বিএনপি 'প্রতারণা' বলে আখ্যা দিয়েছে। অন্যদিকে, জামায়াত জোট সনদ বাস্তবায়ন আদেশ জারি ও ওই আদেশের ওপর গণভোট আয়োজনের দাবিতে রাজপথে কর্মসূচি অব্যাহত রেখেছে এবং আজ ঢাকায় জনসভার ডাক দিয়েছে।এর আগে গত ৩ নভেম্বর উপদেষ্টা পরিষদ বিশেষ বৈঠকে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দলগুলোকে স্বউদ্যোগে সমঝোতায় পৌঁছতে এক সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়। এ সময়ের মধ্যে দলগুলো সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে সরকার তার মতো করে সিদ্ধান্ত জানাবে বলেও ঘোষণা দেওয়া হয়েছিল। সেই সময়সীমা শেষ হওয়ার প্রেক্ষাপটে আজ উপদেষ্টা পরিষদের বৈঠক বসছে।
সূত্র জানায়, নির্বাচনসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রতি মঙ্গলবার প্রধান উপদেষ্টা তার পরিষদের সিনিয়র সদস্যদের নিয়ে অনানুষ্ঠানিকভাবে আলোচনা করেন। সেই আলোচনার অংশ হিসেবে আজকের বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে প্রধান উপদেষ্টা ছাড়াও সাধারণত অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফওজুল কবীর এবং পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান উপস্থিত থাকবেন।
প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র আরও নিশ্চিত করেছে, আজকের বৈঠকে অন্যান্য বিষয়ের পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সার্বিক দিক পর্যালোচনা করে আগামী ১৫ নভেম্বর সরকারের তরফ থেকে একটি আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে অন্য একটি সূত্র জানিয়েছে। উপদেষ্টা রিজওয়ানা হাসানও ইঙ্গিত দিয়েছেন যে, সরকার শিগগিরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন