নভেম্বর ১১, ২০২৫, ০৪:৩৮ পিএম
সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখার লক্ষ্যে মোতায়েন করা সশস্ত্র বাহিনীর সদস্যদের দেওয়া বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আবারও বাড়ানো হয়েছে। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই বিশেষ ক্ষমতার মেয়াদ আরও সাড়ে তিন মাস বৃদ্ধি করা হয়েছে।
ফলে আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা এই নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সময়সীমা বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী।
বর্ধিত এই মেয়াদ আগামীকাল বুধবার অর্থাৎ ১২ নভেম্বর থেকে কার্যকর হবে এবং ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিবের স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের সারা দেশে বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো।
শুধুমাত্র সেনাবাহিনী নয়, এই আদেশের আওতায় প্রেষণে কর্মরত কোস্টগার্ড এবং বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবিতে দায়িত্বপালনকারী সমমর্যাদার সেনা কর্মকর্তারাও অন্তর্ভুক্ত থাকবেন। তারাও উল্লিখিত সময়ের জন্য নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় এই বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ এর ১২(১) ও ১৭ ধারা অনুযায়ী তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে। এই ক্ষমতার বলে তারা ফৌজদারি কার্যবিধির বেশ কয়েকটি ধারায় অপরাধের বিচার ও ব্যবস্থা গ্রহণ করতে পারেন।
উল্লেখ্য, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গত বছরের ১৭ সেপ্টেম্বর সারাদেশে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়। সে সময় প্রথম ধাপে সশস্ত্র বাহিনীর সদস্যদের দুই মাস বা ৬০ দিনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। পরবর্তী সময়ে পরিস্থিতির প্রয়োজনীয়তা বিবেচনা করে এই মেয়াদ একাধিকবার বাড়ানো হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই ক্ষমতার মেয়াদ বৃদ্ধি করা হলো। সরকারের এই সিদ্ধান্ত দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন