নভেম্বর ১১, ২০২৫, ০৮:০০ পিএম
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, বহুল আলোচিত ‘জুলাই সনদ’ বাস্তবায়নের বিষয়ে সরকারের অবস্থান ও সিদ্ধান্ত আগামী তিন থেকে চার দিনের মধ্যেই পরিষ্কারভাবে দেশবাসীর সামনে তুলে ধরা হবে।
মঙ্গলবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘আইনগত সহায়তা প্রদান অধ্যাদেশ’ সংশোধন বিষয়ক এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই গুরুত্বপূর্ণ তথ্য জানান।
আইন উপদেষ্টা বলেন, সরকার আশা করেছিল যে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে একটি ঐক্যবদ্ধ নির্দেশনা দেবে।
কিন্তু সেই ঐকমত্যের জন্য সরকার হাত গুটিয়ে বসে থাকেনি। তিনি বলেন, “প্রত্যাশা করেই আমরা বসে থাকিনি, নিজেদের মতো কাজ করেছি। সনদ বাস্তবায়নের ব্যাপারে কী পদক্ষেপ গ্রহণ করেছি, তা আগামী তিন-চার দিনের মধ্যে আপনারা পরিষ্কারভাবে জানতে পারবেন।
ড. আসিফ নজরুল আরও জানান, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি নিয়ে উপদেষ্টা পরিষদের বিভিন্ন পর্যায়ে নিবিড় আলোচনা চলছে। সব রাজনৈতিক দলের প্রত্যাশার মধ্যে সমন্বয় ঘটিয়ে শেষ পর্যন্ত দেশ এবং জনগণের স্বার্থে যা করা প্রয়োজন, সরকার সেটাই করতে যাচ্ছে। সরকারের এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হলো যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে সনদ নিয়ে মতভেদ থাকলেও অন্তর্বর্তী সরকার সংস্কার ও সনদ বাস্তবায়নের প্রশ্নে দ্রুত একটি সিদ্ধান্তে পৌঁছাতে চায়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন