বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সহয়তা চাইলেন সিইসি

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৩, ২০২৫, ১১:২৩ এএম

সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সহয়তা চাইলেন সিইসি

দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জোর দিয়ে বলেছেন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া একটি সঠিক এবং সুষ্ঠু নির্বাচন আয়োজন করা কমিশনের পক্ষে সম্ভব নয়।

এক্ষেত্রে নির্বাচন কমিশন কেবল একজন রেফারির ভূমিকা পালন করবে বলেও তিনি মন্তব্য করেন।বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশন ভবনে নিবন্ধিত ছয়টি দলের সঙ্গে আলোচনার মাধ্যমে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে নির্বাচন কমিশন।

আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে কমিশনের প্রস্তুতিমূলক কর্মকাণ্ডের এটিই প্রথম ধাপ। বৈঠকে সিইসি জানান, নির্বাচন কমিশনের কাছে নিবন্ধিত চুয়ান্নটি দলই সমান গুরুত্বপূর্ণ।

তিনি আরও উল্লেখ করেন যে দেশের নির্বাচনের পরিস্থিতি অন্যান্য সময়ের তুলনায় কিছুটা ভিন্ন এবং নির্বাচন কমিশনের কাঁধে অনেক বড় দায়িত্ব রয়েছে। এছাড়াও বর্তমান পরিস্থিতিতে ঐকমত্য কমিশনের অনেক বিষয়ের ওপর কমিশনের পরামর্শ দরকার বলেও তিনি মত দেন।প্রধান নির্বাচন কমিশনার জানান যে বিভিন্ন রাজনৈতিক দল থেকে এরই মধ্যে লিখিত মতামত কমিশনের কাছে এসে পৌঁছেছে। তবে এই সংলাপের মাধ্যমে বাকি দলগুলোর সরাসরি মতামতও নেওয়া হবে এবং আগামী নির্বাচনকে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করার জন্য সকল প্রকার পদক্ষেপ নেওয়া হবে।

সিইসি আরও বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার পর অনিয়ম বন্ধে কমিশন পুরোদমে কাজ শুরু করবে। তাই তফসিল ঘোষণার আগেই নির্বাচনী প্রচারণায় যারা পোস্টার লাগিয়েছেন, সেগুলোকে সরিয়ে ফেলার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানান তিনি। তফসিল ঘোষণার পর আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কমিশন কঠোর ব্যবস্থা নেবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা ও সহযোগিতা অপরিহার্য বলে মনে করে কমিশন।