বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে দলগুলোর সহযোগিতা চাইলেন সিইসি

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৫, ১২:৪৬ পিএম

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে দলগুলোর সহযোগিতা চাইলেন সিইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য পরিবেশে আয়োজন করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ও পরামর্শ চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন কমিশন একা এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করতে পারে না।

তাই রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা অপরিহার্য। বিশেষ করে জাতীয় নেতৃবৃন্দ, যাদের সরাসরি ভোটারদের প্রভাবিত করার ক্ষমতা আছে, তাদের সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন।

রবিবার নির্বাচন কমিশনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে আয়োজিত মত বিনিময় সভায় স্বাগত বক্তব্যে সিইসি এই আহ্বান জানান।

তিনি স্বীকার করেন, দায়িত্ব গ্রহণের পর কমিশনকে অনেকগুলো বড় ও চ্যালেঞ্জিং কাজে হাত দিতে হয়েছে এবং কাজের চাপের কারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করতে কিছুটা বিলম্ব হয়েছে।কমিশনের কয়েকটি প্রধান কাজ ও সাফল্য প্রসঙ্গে সিইসি বলেন, ভোটার তালিকা হালনাগাদের কাজটি ছিলো একটি বিশাল কর্মযজ্ঞ, যেখানে প্রায় ৭৭ হাজার লোক মাঠে কাজ করেছে। এই প্রক্রিয়ায় প্রায় ২১ লাখ মৃত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং ৪০ লাখেরও অধিক লেফট আউট ভোটারকে শনাক্ত করে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন উদ্যোগ ও ইনিশিয়েটিভ এর বিষয়ে তিনি বলেন, কমিশন ডায়াসপোরাদের ভোটদানের ব্যবস্থা করেছে, যা অত্যন্ত জটিল ও নতুন একটি উদ্যোগ। তিনি আরও জানান, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত প্রায় ১০ লাখ লোক যাতে নিজেরা ভোট দিতে পারেন, সেই উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও দেশের বাইরে পোস্টেড সরকারি চাকরিজীবীদের ভোটদানের ব্যবস্থা এবং কারাগারে থাকা নাগরিকদের ভোট দেওয়ার ব্যবস্থা নিয়েও উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সিইসি নির্বাচনি আচরণ বিধিমালার গুরুত্ব তুলে ধরে বলেন, এটি তৈরি করার পর দীর্ঘদিন ওয়েবসাইটে রাখা হয়েছিল এবং রাজনৈতিক দলগুলোর লিখিত মতামত নিয়ে এতে সমন্বয় করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, নির্বাচনি আচরণ বিধিমালা সুষ্ঠুভাবে পরিপালনের ওপরই একটি সুন্দর নির্বাচন অনেকাংশে নির্ভর করে। এই জন্য রাজনৈতিক নেতৃবৃন্দকে মনোযোগ দিয়ে আচরণ বিধিমালাটি পড়ে দেখতে এবং তাদের দলের কর্মীদের কাছে প্রচারের ব্যবস্থা করতে অনুরোধ করেন তিনি।