নভেম্বর ১৬, ২০২৫, ০২:০৩ পিএম
পাকিস্তানের অন্যতম শীর্ষ রাজনৈতিক ও ধর্মীয় নেতা এবং জমিয়ত উলেমা-ই-ইসলাম–ফজলের (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমান বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। তিনি মন্তব্য করেছেন, "বাংলাদেশ (পাকিস্তানের দিকে) এক পা এগোলে, পাকিস্তান দুই পা এগোবে।"
শনিবার ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।
রবিবার পাকিস্তানি সংবাদমাধ্যম ‘ডন’ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। মাওলানা ফজলুর রহমান তার বক্তব্যে বলেন, দুই দেশের মধ্যে ঐক্যবদ্ধ ঈমানের বন্ধন এমন এক শক্তিশালী সম্পর্কে আবদ্ধ, যা কখনোই মুছে যাবে না।
তিনি জানান, পাকিস্তানের এই প্রতিনিধিদলটি শুধু অনুষ্ঠানে যোগ দিতে আসেনি, বরং তারা পাকিস্তানের জনগণের শুভেচ্ছা বার্তাও বাংলাদেশিদের কাছে পৌঁছে দিতে এসেছে।খতমে নবুওয়ত সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি বাংলাদেশের মানুষের ধর্মীয় আবেগ ও সক্রিয়তার প্রশংসা করেন। সম্মেলনের মূল প্রতিপাদ্য তুলে ধরে তিনি বলেন, ‘এটি দুই দেশের জনগণের এক অভিন্ন বিশ্বাস। পাকিস্তান ও বাংলাদেশের মুসলমানরা একই উম্মাহর অংশ।
উপমহাদেশের আলেমদের মতামত পুনর্ব্যক্ত করে তিনি বলেন, কেউ যদি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর পর নবুয়তের দাবি করে, তবে ওই ব্যক্তি ইসলামের গণ্ডির বাইরে।মাওলানা ফজলুর রহমান আশা প্রকাশ করেন, এই সম্মেলন দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও সম্পর্ক আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, ধর্মভিত্তিক আন্দোলন স্থিতিশীলতা ও আদর্শের ধারাবাহিকতা রক্ষা করে, সহিংসতা নয়। তার এই সফর এবং বক্তব্য দুই দেশের কূটনৈতিক সম্পর্কের বরফ গলাতে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন