নভেম্বর ১৬, ২০২৫, ০২:১৬ পিএম
রাজধানী ঢাকাসহ দেশের চারটি জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। রোববার (১৬ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানানো হয়েছে, ঢাকা ছাড়াও গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
স্থানীয় প্রশাসনের চাহিদার পরিপ্রেক্ষিতে এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ এবং চোরাগোপ্তা হামলার ঘটনা লক্ষ্য করা গেছে। এছাড়া বিভিন্ন মহাসড়কসহ রাজধানীর বেশ কিছু এলাকায় বাসে আগুন দেওয়ার মতো নাশকতার ঘটনাও ঘটেছে।
এমতাবস্থায় পুলিশ ও র্যাবের পাশাপাশি বিজিবিও মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ শুরু করেছে। জনমনে স্বস্তি ফেরাতে টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে বলে জানা গেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন