বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬,
দুদক চেয়ারম্যান

শেখ হাসিনার রায় দুর্নীতিবাজদের জন্য সতর্ক সংকেত

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৭, ২০২৫, ০৮:২৫ পিএম

শেখ হাসিনার রায় দুর্নীতিবাজদের জন্য সতর্ক সংকেত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায় দুর্নীতিবাজদের জন্য সতর্ক সংকেত বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে শেখ হাসিনার মামলার রায়ের পর সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।

দুদক চেয়ারম্যান বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায় একটি যুগান্তকারী ঘটনা। তবে মামলায় রায়ে দুদক সন্তুষ্ট কী-না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলার রায়ের কপি এখনো আমাদের হাতে আসেনি।

রায়ের কপি দেখার পর এ বিষয়ে বিস্তারিত বলা সম্ভব হবে।২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনার বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ সামনে আসে। চলতি বছরের ১৪ জানুয়ারি শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ অন্যান্যদের বিরুদ্ধে দুদক মামলা করে।

মামলায় ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ আনা হয়। এসব মামলায় শেখ হাসিনা ছাড়াও তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী ও ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিকেও আসামি করা হয়।